
আগামী অক্টোবর মাসেই তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) সেবা চালু করবে রবি। এতে রবির গ্রাহকদের জন্য থাকছে সাড়ে তিন (৩.৫) জি সুবিধা—যা থ্রিজি এবং চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফোরজি) সেবার মাঝামাঝি। থ্রিজির জন্য গ্রাহকদের সিম বদলাতে হবে না, বর্তমান সিম-ই থ্রিজি সিমে রূপান্তরিত হবে। এ জন্য কোনো মাশুলও গুনতে হবে না।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ক্যুনার এ কথা জানান। রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এ কে এম মোরশেদ এতে উপস্থিত ছিলেন।
গত রোববার অনুষ্ঠিত বিটিআরসির নিলামে অংশ নিয়ে রবি পাঁচ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে।
মাইকেল ক্যুনার বলেন, ‘এশিয়াজুড়ে বর্তমানে দক্ষভাবে থ্রিজি সেবা দিয়ে আসছে রবি আজিয়াটা, বাংলাদেশেও তাই দেবে। অক্টোবরে স্বল্প পরিসরে অর্থাৎ ঢাকায় থ্রিজি সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যে পৌঁছানো হবে ৪০ শতাংশ গ্রাহকের কাছে। এ বছরের মধ্যে ঢাকা ছাড়াও পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে থ্রিজি সেবা চালু করা হবে।
মাইকেল ক্যুনার আরও জানান, ২০১৪ সালের প্রথম প্রান্তিকের মধ্যে মোট জনসংখ্যার ৩৫ শতাংশ থ্রিজি সুবিধার আওতাভুক্ত হবে। এ প্রযুক্তির জন্য রবি ব্যয় করবে ২০ কোটি ডলার।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, তরঙ্গ বরাদ্দের জন্য সরকারকে মোট দেয় ৮১৬ কোটির টাকার মধ্যে ৫২৫ কোটি টাকা এরই মধ্যে জমা দিয়েছেন তাঁরা। থ্রিজি যন্ত্রাংশ আনতে অনাপত্তিপত্রের (এনওসি) জন্যও আবেদন করা হয়েছে বিটিআরসিতে। এ কে এম মোরশেদ বলেন, থ্রিজির চেয়ে ৩.৫ জির মাধ্যমে বেশি গতি পাবেন গ্রাহকেরা।