রবি ইডটকোর সিংহভাগ শেয়ার ছেড়ে দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়াভিত্তিক মুঠোফোন টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠান ইডটকোর সিংহভাগ শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রবি আজিয়াটা। বর্তমানে ইডটকোতে রবির ৫১ শতাংশ মালিকানা রয়েছে। সেটি কমিয়ে ২০ শতাংশ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে রবি।
রবি ও ইডটকো—দুটি প্রতিষ্ঠানেরই মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো মালয়েশিয়ার টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ। শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হলে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানটিতে ইডটকো বাংলাদেশের মালিকানা ৪৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮০ শতাংশ হবে। রবি বর্তমানে এয়ারটেলের সঙ্গে একীভূত (মার্জার) হওয়ার অপেক্ষায় আছে।
মুঠোফোন টাওয়ারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে গত বছর একটি নতুন নীতিমালা করার উদ্যোগ নেয় বিটিআরসি। এ জন্য টুজি ও থ্রিজি নীতিমালায় টাওয়ার ব্যবহার-সংক্রান্ত অংশ সংশোধন করে নতুন একটি নীতিমালা তৈরি করছে বিটিআরসি। টাওয়ার তৈরির এই খসড়া নীতিমালা বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।
নতুন নীতিমালা কার্যকর হলে মুঠোফোন টাওয়ারের মালিকানা আর অপারেটরদের কাছে থাকবে না। বর্তমান থ্রিজি ও টুজি ব্যবহার নীতিমালা অনুযায়ী টাওয়ার তৈরি, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের সব দায়িত্ব অপারেটররা পালন করে থাকে।
টাওয়ার তৈরির খসড়া নীতিমালায় বলা আছে, কোনো প্রতিষ্ঠানের যদি মুঠোফোন সেবা দেওয়ার অথবা ওয়াইম্যাক্স লাইসেন্স থাকে, তাহলে তারা টাওয়ার নির্মাণের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে না। প্রস্তাবিত নীতিমালায় মুঠোফোন অপারেটরদের বাইরে দুটি স্বাধীন প্রতিষ্ঠানকে নতুন টাওয়ার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার কথা বলা আছে।
খসড়া নীতিমালার শর্ত পূরণ করতে এ বছরের এপ্রিলে রবির শেয়ার কমিয়ে আনার জন্য বিটিআরসির কাছে ইডটকো আনুষ্ঠানিকভাবে আবেদন করে। এর আগে ২০১৪ সালে ইডটকোতে থাকা সিংহভাগ শেয়ার ছেড়ে দেওয়ার জন্য বিটিআরসির কাছে আবেদন করেছিল রবি। তখন বিটিআরসি থেকে রবির এই আবেদন নাকচ করে দেওয়া হয়েছিল।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খসড়া নীতিমালা অনুযায়ী টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানে কোনো মুঠোফোন অপারেটরের শেয়ার থাকতে পারবে না। ইডটকোতে রবির যদি ১৯ শতাংশ শেয়ার থাকে, তাহলেও প্রতিষ্ঠানটি টাওয়ার লাইসেন্স পাওয়ার জন্য বিবেচিত হবে না, যদি খসড়া নীতিমালায় কোনো পরিবর্তন না করা হয়।
টাওয়ার তৈরির খসড়া নীতিমালা অনুযায়ী, নিলামের মাধ্যমে যে দুটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে সেখানে দেশীয় অংশীদার প্রতিষ্ঠান থাকতে হবে। বিদেশি প্রতিষ্ঠানটি সরাসরি কোনো ব্যবসা করতে পারবে না।
২০১৩ সাল থেকে বিটিআরসির কাছে অনাপত্তি ছাড়পত্র (নো-অবজেকশন সার্টিফিকেট) নিয়ে বাংলাদেশে ব্যবসা করে আসছে ইডটকো। বর্তমানে ইডটকোর ব্যবস্থাপনায় দেশে ৯ হাজার ৩০০ মুঠোফোন টাওয়ার আছে। বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে ছয় অপারেটরের মোট টাওয়ার ২৭ হাজারটি।