রবি-এয়ারটেলের আবেদনে বিটিআরসির প্রাথমিক সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশের একীভূত (মার্জার) হওয়ার আবেদনে প্রাথমিক সম্মতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল বুধবার বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রবি ও এয়ারটেলের এক হওয়ার প্রস্তাবটিতে অনাপত্তি দেওয়ার জন্য সরকারের পূর্বানুমোদন প্রয়োজন। চুলচেরা বিশ্লেষণের পরে আবেদনটির চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিটিআরসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে একীভূত হওয়ার প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ জন্য কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো, রবি ও এয়ারটেলে কর্মরত কোনো ব্যক্তিকেই চাকরিচ্যুত করা যাবে না। বর্তমানে রবি ও এয়ারটেলে স্থায়ী লোকবল আছেন ২ হাজার। একইভাবে রবি ও এয়ারটেলের তালিকাভুক্ত পরিবেশকদের অনুমোদনও বাতিল করা যাবে না।
তরঙ্গ ব্যবহারের শর্ত হিসেবে বলা হয়েছে, যেহেতু দুটি অপারেটর এখানে একীভূত হচ্ছে, তাই তরঙ্গের মালিকানার এখানে পরিবর্তন হবে না। তরঙ্গের মালিকানা পরিবর্তন না হলে আইনের ভিত্তিতে তা ব্যবহারে কোনো সমস্যা নেই। অর্থাৎ রবি ও এয়ারটেলের কাছে থাকা তরঙ্গ একীভূত হওয়া প্রতিষ্ঠানটি ব্যবহার করবে। বর্তমানে এয়ারটেলের কাছে ২০ মেগাহার্টজ তরঙ্গ আছে আর রবির কাছে আছে ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ। দুটি প্রতিষ্ঠানের তরঙ্গ এক হয়ে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ হলে তা সব মোবাইল অপারেটরের মধ্যে সর্বোচ্চ হবে। বর্তমানে গ্রামীণফোনের কাছে সর্বোচ্চ ৩২ মেগাহার্টজ তরঙ্গ আছে।
বিটিআরসির শর্তের মধ্যে আরও বলা হয়েছে, একীভূত হওয়ার পর রবি ও এয়ারটেলের সব সম্পদ বিদ্যমান টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবহার করতে হবে। বিটিআরসিসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অপারেটর দুটির বকেয়া পরিশোধের দায়দায়িত্ব প্রধান অংশীদার কোম্পানিকে নিতে হবে।
নম্বর ব্যবহারের শর্তে বলা হয়েছে, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) বা নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তনের সুবিধা চালু হওয়ার আগ পর্যন্ত রবির ০১৮ ও এয়ারটেলের ০১৬—দুটি কোড যুক্ত নম্বরই ব্যবহার করা যাবে। অপারেটর দুটি বিটিআরসিতে যে আবেদন জমা দিয়েছে তাতে বলা হয়েছে, নম্বর ব্যবহারের ক্ষেত্রে ০১৬ কোডটি তিন বছর পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ একীভূত হওয়ার দিন থেকে তিন বছর পর্যন্ত এয়ারটেলের বর্তমান গ্রাহকেরা ০১৬ কোডযুক্ত বর্তমান নম্বরটিই ব্যবহার করতে পারবেন।
অপারেটর দুটির একীভূত হওয়ার এ প্রক্রিয়াটি কোম্পানি আইন ১৯৯৪-এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী সম্পন্ন হবে। কোম্পানি আইনের ২২৮ ধারা অনুযায়ী দুটি প্রতিষ্ঠান একীভূত হতে হলে উচ্চ আদালতের অনুমোদন নিতে হয়। উচ্চ আদালতের অনুমোদনের জন্য আবেদন করার প্রক্রিয়া এখন চলছে বলে রবি ও এয়ারটেল সূত্রে জানা গেছে।
চলতি বছরের আগস্টে এক হওয়ার বিষয়ে আলোচনা শুরু করে রবি ও এয়ারটেলের মালিকানা প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর রবি ও এয়ারটেলের এক হওয়ার আলোচনার অগ্রগতির বিষয়ে এক যৌথ বিবৃতি দেওয়া হয়। অপারেটর দুটি এক হলে ৩ কোটি ৭০ লাখ গ্রাহক নিয়ে এটিই হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। বর্তমানে ৫ কোটি ৩৯ লাখ গ্রাহক নিয়ে বাংলাদেশে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আর ৩ কোটি ২৪ লাখ গ্রাহক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলালিংক। নতুন গঠিত কোম্পানিতে রবির ৭৫ শতাংশ আর এয়ারটেলের ২৫ শতাংশ মালিকানা থাকবে।