রবি-এয়ারটেল এক হতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি
মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করে গতকাল বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে একীভূতকরণের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হলেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোট ৬০৭ কোটি টাকা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে এয়ারটেলের ১ হাজার ৮০০ মেগাহার্টজ বা টুজি ব্যান্ডের ১৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য ৫০৭ কোটি টাকা ও একীভূতকরণ ফি হিসেবে চাওয়া হয়েছে ১০০ কোটি টাকা।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগামীকাল এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে রবি-এয়ারটেল কোনো মন্তব্য করেনি। তবে রবির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তরঙ্গের জন্য ৫০৭ কোটি টাকা দিয়ে একীভূত হওয়া নিয়ে তারা আপত্তি জানাবে। তারা অর্থের পরিমাণ আরও কমাতে চায়। কেননা, একীভূত কোম্পানির যাত্রা শুরু হবে এয়ারটেলের ৬৫০ কোটি টাকার লোকসান নিয়ে। পাশাপাশি এয়ারটেলের সব ঋণের দায়-দায়িত্বও রবিকে নিতে হবে।
এদিকে, তরঙ্গের জন্য বাড়তি অর্থ আদায়ে সরকারের যুক্তি হলো, ২০০৫ সালে ১ হাজার ৮০০ মেগাহার্টজ অর্থাৎ টুজি ব্যান্ডে ১৫ মেগাহার্টজ তরঙ্গ কিনতে এয়ারটেলের খরচ হয়েছিল ৫০ লাখ ডলার বা ৩৫০ কোটি টাকা। ১৫ বছরের জন্য বরাদ্দ পাওয়া এই তরঙ্গের জন্য মেগাহার্টজপ্রতি এয়ারটেল দিয়েছিল ১ কোটি ৫১ লাখ টাকা। অন্যদিকে ২০১১ সালে টুজি তরঙ্গের লাইসেন্স নবায়নের সময় প্রতি মেগাহার্টজ তরঙ্গের জন্য রবিসহ অন্য অপারেটরদের খরচ পড়েছিল ১০ কোটি টাকা।
এয়ারটেলের টুজি লাইসেন্সের মেয়াদ ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। সে হিসেবে এয়ারটেলের টুজি তরঙ্গ এখন রবির সঙ্গে একীভূত করতে হলে ৮ কোটি ৪৯ লাখ টাকা হিসেবে ১৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য আগামী চার বছরে একীভূত কোম্পানিকে ৫০৭ কোটি টাকা দিতে হবে। তবে ১৫ মেগাহার্টজ তরঙ্গের পুরোটা না নিয়ে কিছু তরঙ্গ ছেড়ে দিলে সে অনুযায়ী দাম সমন্বয়ের সুযোগ থাকবে রবি-এয়ারটেলের।
একীভূত হতে গত সেপ্টেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আবেদন করে রবি-এয়ারটেল।