রবি-এয়ারটেল একীভূত করার শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশের একীভূতকরণের (মার্জার) শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক কোম্পানি বেঞ্চে এ শুনানি শুরু হয়।

রবি-এয়ারটেলের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী তানজিব-উল আলম। আর সরকার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব। আজ বুধবারও এ বিষয়ে শুনানি হবে।

একীভূত হতে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আবেদন করে রবি-এয়ারটেল। অপারেটর দুটির একীভূত হওয়ার নথিতে ১ আগস্ট চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী। তবে একীভূতকরণের প্রক্রিয়াটি আদালতের মাধ্যমে সম্পন্ন হওয়ার বাধ্যবাধকতা থাকায় এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

একীভূতকরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোট ৬০৭ কোটি টাকা নেওয়ার প্রস্তাব করেছে সরকার। এর মধ্যে এয়ারটেলের ১ হাজার ৮০০ মেগাহার্টজ বা টুজি ব্যান্ডের ১৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য মেগাহার্টজ প্রতি ৩৩ কোটি ৮০ লাখ টাকা হিসাবে ৫০৭ কোটি টাকা ও একীভূতকরণ ফি হিসেবে ১০০ কোটি টাকা নেওয়ার সুপারিশ করা হয়। একীভূত হলে প্রায় চার কোটি গ্রাহক নিয়ে গ্রামীণফোনের পর রবি-এয়ারটেলই হবে দেশের দ্বিতীয় বৃহৎ অপারেটর।