রবি-এয়ারটেল একীভূত হতে প্রধানমন্ত্রীর সম্মতি
মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী হিসেবে গত রোববার এ-সংক্রান্ত নথিতে চূড়ান্ত অনুমোদন দেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সূত্রে (বিটিআরসি) এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, রবি-এয়ারটেল একীভূতকরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পাওয়া গেছে। এ-সংক্রান্ত নথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে খুব শিগগির বিটিআরসিতে পাঠিয়ে দেওয়া হবে।
রবি-এয়ারটেল একীভূতকরণের বিষয়ে গত ১৩ জুলাই অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ বিষয়ে সারসংক্ষেপ প্রতিবেদন পাঠানো হয় গত ২৪ জুলাই। একীভূতকরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোট ৬০৭ কোটি টাকা নেওয়ার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে এয়ারটেলের ১ হাজার ৮০০ মেগাহার্টজ বা টুজি ব্যান্ডের ১৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য মেগাহার্টজ প্রতি ৩৩ কোটি ৮০ লাখ টাকা হিসাবে ৫০৭ কোটি টাকা ও একীভূতকরণ ফি হিসেবে ১০০ কোটি টাকা নেওয়ার সুপারিশ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের এসব সুপারিশ অপরিবর্তিত রেখেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
রবি-এয়ারটেলের কর্মীদের জন্য স্বেচ্ছা অবসর স্কিম (ভিআরএস) ও স্বেচ্ছা বিচ্ছেদ কার্যক্রম (ভিএসএস) নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণেও সুপারিশ করা হয়েছে। একীভূত হওয়ার ৬০ দিনের মধ্যেই ভিআরএস ও ভিএসএসের আওতায় পুরো অর্থ পরিশোধের তথ্য অবশ্যই বিটিআরসিকে জানাতে হবে। ভিআরএস ও ভিএসএস বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা তৈরি হলে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী একীভূত কোম্পানিকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া অপারেটর দুটি একীভূত হওয়ার তিন বছরের মধ্যে কোনো কর্মীকে চাকরিচ্যুত করতে হলে তার কারণসহ বিস্তারিত তথ্যও বিটিআরসিকে জানাতে হবে। একই সঙ্গে এয়ারটেলের কর্মী যাঁরা যুক্ত কোম্পানিতে যোগ দেবেন, তাঁদের চাকরি এয়ারটেলে নিরবচ্ছিন্ন সার্ভিস হিসেবে বিবেচনা করা হবে। বর্তমানে রবি ও এয়ারটেলে কর্মরত স্থায়ী কর্মীর সংখ্যা প্রায় ২ হাজার।
একীভূত হতে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে রবি-এয়ারটেল। প্রায় ৪ কোটি গ্রাহক নিয়ে একীভূত রবি-এয়ারটেল হবে গ্রামীণফোনের পরে দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর। বর্তমানে ৫ কোটি ৬৯ লাখ গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণফোন। আর ৩ কোটি ১৯ লাখ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলালিংক।
বিটিআরসিতে জমা দেওয়া প্রস্তাবনা অনুযায়ী, একীভূত কোম্পানি ‘রবি’ নামেই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করবে। অপারেটর দুটির হাতে থাকা বিভিন্ন ব্যান্ডের সব তরঙ্গ একীভূত হলে তা হবে সব অপারেটরদের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে এয়ারটেলের কাছে ২০ মেগাহার্টজ আর রবির কাছে আছে ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ তরঙ্গ। দুটি প্রতিষ্ঠানের সম্মিলিত তরঙ্গের পরিমাণ দাঁড়াবে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ। বর্তমানে গ্রামীণফোনের কাছে সর্বোচ্চ ৩২ মেগাহার্টজ তরঙ্গ আছে।
একীভূত হতে চলতি বছরের ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক চুক্তি করে রবি-এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল। চুক্তি অনুযায়ী চলতি জুনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছিল দুই পক্ষ। তবে জুনের মধ্যে লক্ষ্য অর্জিত না হওয়ায় একীভূত হওয়ার সময়সীমা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে রবি-এয়ারটেল।
একীভূত কোম্পানিতে রবি আজিয়াটার ৬৮ দশমিক ৩ শতাংশ, এয়ারটেলের ২৫ শতাংশ ও জাপানের এনটিটি ডোকোমোর ৬ দশমিক ৭ শতাংশ মালিকানা থাকবে। বর্তমানে রবির ৯১ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক আজিয়াটা গ্রুপ বারহাদ আর ৮ দশমিক ৪ শতাংশ শেয়ারের মালিক এনটিটি ডোকোমো। এয়ারটেল বাংলাদেশের ১০০ শতাংশ শেয়ারের মালিক ভারতী এয়ারটেল।