রবি-এয়ারটেল একীভূতকরণে প্রধানমন্ত্রীর সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী হিসেবে আজ রোববার এ-সংক্রান্ত নথিতে চূড়ান্ত অনুমোদন দেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সূত্রে (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘রবি-এয়ারটেল একীভূতকরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পাওয়া গেছে। এ-সংক্রান্ত নথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে শিগগিরই বিটিআরসিতে পাঠিয়ে দেওয়া হবে।’

রবি-এয়ারটেল একীভূতকরণের বিষয়ে গত ১৩ জুলাই অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ প্রতিবেদন পাঠানো হয় গত ২৪ জুলাই। একীভূতকরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৬০৭ কোটি নেওয়ার প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে এয়ারটেলের ১ হাজার ৮০০ মেগাহার্টজ বা টুজি ব্যান্ডের ১৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য মেগাহার্টজ প্রতি ৩৩ কোটি ৮০ লাখ টাকা হিসেবে ৫০৭ কোটি টাকা ও একীভূতকরণ ফি হিসেবে ১০০ কোটি টাকা নেওয়ার সুপারিশ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের এসব সুপারিশ অপরিবর্তিত রেখেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

একীভূত হতে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে রবি-এয়ারটেল। প্রায় চার কোটি গ্রাহক নিয়ে একীভূত রবি-এয়ারটেল হবে গ্রামীণফোনের পরে দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর। বর্তমানে ৫ কোটি ৬৯ লাখ গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণফোন। আর ৩ কোটি ১৯ লাখ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলালিংক।

একীভূত হতে চলতি বছরের ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক চুক্তি করে রবি-এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল। একীভূত কোম্পানিতে রবি আজিয়াটার ৬৮ দশমিক ৩ শতাংশ, এয়ারটেলের ২৫ শতাংশ ও জাপানের এনটিটি ডোকোমোর ৬ দশমিক ৭ শতাংশ মালিকানা থাকবে।