রবি গ্রাহকরা আইফোন সিক্স পাবেন ২০ নভেম্বর
অগ্রিম বুকিং দিয়ে রবি গ্রাহকেরা রবি সেবাকেন্দ্রে এসে ২০ নভেম্বর থেকে তাঁদের পছন্দের আইফোন সিক্স ও সিক্স প্লাস নিতে পারবেন। ১৯ নভেম্বর পর্যন্ত গ্রাহকেরা বুকিং দেওয়ার সুযোগ পাবেন এবং তা স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য হবে। নগদ বা ক্রেডিট কার্ড উভয় মাধ্যমে মূল্য পরিশোধে হ্যান্ডসেটের দামে ও কিস্তিতে হেরফের হবে না।
আজ শনিবার রবির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এক বছরের ওয়ারেন্টিসহ ১২টি সমান কিস্তিতে গ্রাহকদের আইফোন সিক্স ও সিক্স প্লাস দেবে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই কিস্তি সুবিধা নেওয়া যাবে।
ইতিমধ্যে অপারেটরটি আইফোনের সর্বশেষ সংস্করণের অগ্রিম বুকিংয়ের জন্য প্রচারাভিযান শুরু করেছে। গতকাল শুক্রবার থেকে অগ্রিম বুকিং নিচ্ছে রবি। রবির ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনেও অথবা রবি সেবাকেন্দ্রেও বুকিং নেওয়া হচ্ছে।
গ্রাহকদের জন্য আইফোন সিক্সের (১৬ জিবি) দাম ৭৩ হাজার ৮২৫ টাকা। এর মাসিক কিস্তি ৫ হাজার ৩১৯ টাকা ও আইফোন সিক্সের (৬৪ জিবি) দাম ৮৫ হাজার ২০০ টাকা। এর মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ টাকা। আইফোন সিক্স প্লাসের (১৬ জিবি) দাম ৮৫ হাজার ২০০ টাকা। এর মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ টাকা।
হ্যান্ডসেটের সঙ্গে গ্রাহকেরা বিনা মূল্যে ৩০ দিনের জন্য এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। অফারটি বাস্তবায়নে রবির ব্যাংকিং অংশীদার অ্যামেক্স ও ইবিএল।
গ্রাহকরা গোল্ড, স্পেস গ্রে এবং সিলভার রঙের হ্যান্ডসেট থেকে নিজের পছন্দের রংটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।
রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশিদ বলেন, ২০১৩ সালের শেষ দিকে দেশে থ্রিজি সেবা চালুর পর মানুষের মধ্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে স্মার্টফোনের প্রতিও আগ্রহ বাড়ছে। রবি সব সময় গ্রাহকদের সুবিধা ও চাহিদা মেটাতে সচেষ্ট।
তোফায়েল বলেন, আইফোন অনেক আগেই বিশ্বে সাড়া জাগিয়েছে। রবি প্রথমবারের মতো আইফোনের সর্বশেষ সংস্করণ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে।