রবি থেকে বিনিয়োগ কমাবে ডকোমো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৮৯ শতাংশ এলাকা এবং ৯৮ দশমিক ৭ শতাংশ মানুষ এখন মোবাইল ফোন অপারেটর রবির নেটওয়ার্কের আওতায় রয়েছে। রাজধানীর গুলশানে রবির করপোরেট কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাপানি কোম্পানি এনটিটি ডকোমো রবি আজিয়াটা থেকে তাদের বিনিয়োগ কমিয়ে আনবে। তারা রবিতে তাদের শেয়ার বর্তমান ৩০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে নামিয়ে আনবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ। এ ছাড়া চিফ মার্কেট অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবির দ্বিতীয় অংশীদারি কোম্পানি ডকোমা থ্রি-জি নিলামের আগে আর কোনো বিনিয়োগ করবে না। প্রতিকূল ব্যবসায়িক পরিবেশ ও অনিশ্চয়তার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ডকোমো। ফলে রবিতে মালয়েশিয়ার আজিয়াটা বারহাদের শেয়ার ৯২ শতাংশে উন্নীত হবে। এতে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাটের বিষয়ে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই। তাই থ্রি-জি নিলামে তাদের অংশগ্রহণের বিষয়টিও অনিশ্চিত।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত তারা দুই হাজার ৬৭৭ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে। ২০০৮ সালে ডকোমা রবির সঙ্গে যোগ দিলেও শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাননি। মাহতাব উদ্দিন আহমেদ জানান, ২০১৩ সালের প্রথম প্রান্তিকে রবির গ্রাহকসংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ অর্থাৎ চার লাখ বেড়েছে। নেটওয়ার্ক টাওয়ারের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭৩৭টি। সর্বশেষ প্রান্তিকে রবি নতুন প্রিপেইড প্যাকেজ জয় ২১, সারপ্রাইজ রিচার্জ বোনাস, ডাবল বোনাস ও ফ্ল্যাট রেট অফার ‘ঘ্যাচাং’ চালু করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।