রবিতে ১৫ টাকায় বৈদেশিক কল
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকেরা এখন থেকে এক দামে বা মাত্র ১৫ টাকায় (ভ্যাটসহ) যেকোনো দেশে লোকাল কল, হোম কল ও এসএমএস বা খুদেবার্তা পাঠাতে পারবে।আজ মঙ্গলবার থেকেই রবির নতুন এই আন্তর্জাতিক রোমিং-ব্যবস্থাটি পোস্টপেইড ও প্রিপেইড উভয় ক্ষেত্রে কার্যকর করা হবে। বিশেষ করে, আজিয়াটা মোবাইল ফোনের নেটওয়ার্ক আছে, এমন সব দেশে যেমন—মালয়েশিয়া (সেলকম), ইন্দোনেশিয়া (এক্সএল), শ্রীলঙ্কা (ডায়লগ) ও কম্বোডিয়ায় (হ্যালো) ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। আর পোস্টপেইডের গ্রাহকেরা এই অফারে আরও পাবেন বিনা মূল্যে ডাটা (ইন্টারনেট) রোমিংয়ের সুবিধা।রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এই অফারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার।মাইকেল ক্যুনার বলেন, ভ্রমণরত পর্যটক ও করপোরেট গ্রাহকদের জন্য এটি একটি উন্নতমানের ও ভিন্ন ধরনের ‘রবি অফার’, যা এশিয়ার আঞ্চলিক সুবিধা বৃদ্ধি এবং আজিয়াটা গ্রুপের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী একটি সেবার সূচনা করবে। বিশেষ করে, দেশের বাইরে থেকে বাংলাদেশে কল করা ও খুদেবার্তা পাঠানো এবং ভ্রমণের দেশে স্থানীয় কলের ক্ষেত্রে কম মূল্যে এই ‘সিঙ্গেল রেট’ গ্রাহকদের আন্তর্জাতিক রোমিংয়ের উচ্চ রেট থেকে মুক্তি দেবে।