রবির আইএসও ৯০০১: ২০০৮ সনদ অর্জন
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আইএসও ৯০০১: ২০০৮ সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক নীতিমালা কড়াকড়িভাবে মেনে চলায় রবি এ সনদ লাভ করে। সনদ প্রদানকারী প্রতিষ্ঠান মুডি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ রবির গুণগত মান পর্যালোচনা করে থাকে। রবির সেবাদান কার্যক্রম ও সেবার মান উন্নয়নে নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ সনদ প্রদান করা হয়েছে বলে রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সম্প্রতি মুডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার আতাউর রহমান খানের কাছ থেকে আইএসও সনদ গ্রহণ করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাইকেল কোয়েনার।আইএসও সনদ অর্জন করায় উচ্ছ্বসিত মাইকেল কোয়েনার বলেন, ‘এ সনদ রবির সব কর্মীর নিরন্তর পরিশ্রমেরই ফল।’ তিনি আরও বলেন, রবির লক্ষ্য হচ্ছে দেশের সব মানুষকে টেলিযোগাযোগ সেবার আওতায় নিয়ে আসা ও সেবার গুণগত মান নিশ্চিত করা।সনদ প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রবির প্রধান স্ট্র্যাটেজিক কর্মকর্তা কোজি ওনো, করপোরেট ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান সিরাজুল হুদা ও রবির কোয়ালিটি দলের সদস্যরা।