রবির আয় ও গ্রাহক দুটোই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গুলশানে রবির প্রধান কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে রবি আজিয়াটার কর্মকর্তারা
ঢাকার গুলশানে রবির প্রধান কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে রবি আজিয়াটার কর্মকর্তারা

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় ও গ্রাহক দুটোই বেড়েছে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার। আলোচ্য প্রান্তিকে রবি আয় করেছে ১ হাজার ৩০০ কোটি টাকা। আর চলতি বছরের প্রথম প্রান্তিকে অপারেটরটির আয় ছিল ১ হাজার ২২০ কোটি টাকা।
রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। একই সময়ে রবির গ্রাহকসংখ্যা ২ কোটি ৬৩ লাখ থেকে বেড়ে ২ কোটি ৭৪ লাখ হয়েছে। দেশের মোট সক্রিয় মুঠোফোন সিমের ২১ দশমিক ৬ শতাংশ রবির দখলে রয়েছে।
২০১৫ সালের প্রথম ছয় মাস শেষে রবির ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময়ে অপারেটরটির ইন্টারনেট ডেটা ব্যবহার বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ।
তবে ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় রবির কর-পরবর্তী মুনাফা ১৭ দশমিক ৪ শতাংশ কমেছে। ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৯০ কোটি টাকা, আর গত বছর একই সময়ে তা ছিল ১১০ কোটি টাকা।
২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে রবি নেটওয়ার্কসহ অবকাঠামো উন্নয়নে ব্যয় করেছে ৭১০ কোটি টাকা। আলোচ্য সময়ে রবি সরকারের কোষাগারে ৪৮০ কোটি টাকার বেশি জমা দিয়েছে, যা মোট আয়ের ৩৭ শতাংশ।
রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক সুপুন বীরাসিংহে বলেন, ‘২০১৫ সালের প্রথম ছয় মাসে ভয়েস সেবা ছাড়া আমরা বাকি সব ক্ষেত্রেই সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছি। গ্রাহকদের জন্য মানসম্মত টেলিযোগাযোগ সেবা ও শক্তিশালী নেটওয়ার্ক নিশ্চিত করতে আমাদের বিনিয়োগ অব্যাহত আছে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ প্রমুখ।