রবির গ্রাহক আড়াই কোটি ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির সক্রিয় গ্রাহকের সংখ্যা এখন দুই কোটি ৫৪ লাখ।এটি দেশের মোট মুঠোফোন ব্যবহারকারীর ২৩ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে ২০১৩ সালে নতুন গ্রাহক হয়েছে ৪৩ লাখ।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রবি আজিয়াটা লিমিটেডের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে, প্রধান আর্থিক কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিকূল পরিবেশের পরও ২০১৩ সালে রবির আয় বেড়েছে ১৬ শতাংশ। তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যয় বেড়েছে ১০০ শতাংশের বেশি। থ্রিজি-সংক্রান্ত ব্যয়, ভয়েস সার্ভিসের বর্ধিত চাহিদা মেটানো এবং ডেটা সংযোগের মান উন্নয়নের কারণেই এ ব্যয় বেড়েছে।
২০১৩ সালে মোট মূলধনি ব্যয় ছিল এক হাজার ২৮০ কোটি টাকা, শুধু চতুর্থ প্রান্তিকেই বিনিয়োগ হয়েছে ৬৩০ কোটি টাকা। ২০১২ সালের চেয়ে বিনিয়োগ ব্যয় বেড়েছে ৫৭ দশমিক ৩ শতাংশ।