রবির নতুন উদ্যোগ ‘এবার হবেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনহিতকর কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আর্থসামাজিক উন্নয়নে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড নতুন এক প্রচারণা শুরু করেছে। ‘এবার হবেই’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে আগ্রহী মুঠোফোনের গ্রাহকেরা বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজে অংশ নিতে পারবেন। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার রবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার এই নতুন প্রচারণার উদ্বোধন করেন।সংবাদ সম্মেলনে রবির ভাইস প্রেসিডেন্ট (যোগাযোগ ও মিডিয়া রিলেশন্স) মহিউদ্দিন বাবর, প্রধান বিপণন কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব, প্রধান অর্থ কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ, প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ, প্রধান প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা এ কে এম মোর্শেদ, প্রধান স্ট্র্যাটেজি কর্মকর্তা ইয়োশিশিগে হাসেগাওয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাইকেল ক্যুনার বলেন, ‘রবি গ্রাহককেন্দ্রিক অপারেটর হিসেবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করে, যাতে তাঁরা নিজেদের উন্নয়নের মাধ্যমে জীবনযাপনের মানোন্নয়ন করতে পারেন। নতুন এই উদ্যোগ মুঠোফোনকে গতানুগতিক ব্যবহারের ঊর্ধ্বে নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবে।’প্রদীপ শ্রীবাস্তব নতুন এই উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন ও দীর্ঘমেয়াদি উপকারিতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এ সেবার মাধ্যমে সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় এলাকার বিভিন্ন কল্যাণমূলক কাজ সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে। যেমন—মসজিদ, মন্দির, বিদ্যালয়, স্বাস্থ্যসেবাকেন্দ্র, পাঠাগার এমনকি খেলাধুলাবিষয়ক ক্লাব প্রতিষ্ঠা করা সম্ভব হবে।