রবির নিয়ন্ত্রণমুক্ত হচ্ছে ইডটকো
মুঠোফোন টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের সিংহভাগ শেয়ার ছেড়ে দিতে রবির আবেদনে অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইডটকোতে বর্তমানে রবির ৫১ শতাংশ শেয়ার রয়েছে। বিটিআরসির অনুমোদন অনুযায়ী সেটি এখন ২০ শতাংশে নেমে আসবে।
রবি ও ইডটকোর মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ। শেয়ারবদল প্রক্রিয়াটি সম্পন্ন হলে প্রতিষ্ঠানটিতে ইডটকো বাংলাদেশের মালিকানা ৪৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮০ শতাংশ হবে। সারা দেশে বর্তমানে প্রতিষ্ঠানটির ৮ হাজার নিজস্ব টাওয়ার আছে।
বর্তমানে মুঠোফোন টাওয়ার তৈরির খসড়া নীতিমালায় বলা আছে, কোনো প্রতিষ্ঠানের যদি মুঠোফোন সেবা দেওয়ার লাইসেন্স থাকে তাহলে তারা টাওয়ার নির্মাণের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে না। প্রস্তাবিত নীতিমালায় মুঠোফোন অপারেটরদের বাইরে দুটি স্বাধীন প্রতিষ্ঠানকে নতুন টাওয়ার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার কথা বলা আছে।