রবির প্রি-পেইড গ্রাহকেরা বিনা মূল্যেজীবনবিমা সুবিধা পাবেন
বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড তাদের প্রি-পেইড গ্রাহকের জন্য বিনা মূল্যে জীবনবিমা সুবিধা দেবে।মাসে সর্বনিম্ন ২৫০ টাকা ব্যবহার করলে গ্রাহকেরা এ সুবিধা পাবেন। তবে এ জন্য তাঁদের নিবন্ধন করতে হবে। বয়স হতে হবে ১৮-৬০ বছরের মধ্যে। গ্রাহকেরা যত বেশি টক টাইম ব্যবহার করবেন, বিমার আর্থিক সুবিধাও তত বাড়বে। প্রতি মাসে এই আওতার স্তর পুনর্মূল্যায়ন করা হবে। এতে করে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বিমা-সুবিধা পাবেন।গতকাল সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এই সেবা উদ্বোধন করেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনার।গ্রাহকদের এই সুবিধা দিতে চলতি বছরের জুলাইয়ে প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং সুইডেনের মিলভিক (বিমা) কোম্পানির সঙ্গে একটি ত্রিপক্ষীয় কৌশলগত অংশীদারি চুক্তি সই করেছে রবি আজিয়াটা লিমিটেড।অনুষ্ঠানে জানানো হয়, বিমা-সুবিধার জন্য নিবন্ধন করতে রবি প্রি-পেইড সিম ব্যবহার করতে হবে। গ্রাহককে তাঁর হ্যান্ডসেট থেকে *১২১৬*১# ডায়াল করে নিবন্ধন করতে হবে, কিংবা রবি ওয়াক ইন সেন্টার গিয়েও নিবন্ধন করা সম্ভব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল বাশার আখন্দ, এ সেবার প্রযুক্তি অংশীদার সুইডেনভিত্তিক মিলভিকের (বিমা) প্রধান নির্বাহী কর্মকর্তা গুস্তাফ অগারটসন, রবির প্রধান বিপণন কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান প্রমুখ।