রবির বার্ষিক মুনাফা ৯১ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে বেসরকারি মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তিন হাজার ৮৯৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে। আর এই আয়ের বিপরীতে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৯১ কোটি টাকা।ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান বিপণন কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব এবং মানবসম্পদ বিভাগের প্রধান মতিউল ইসলাম।সংবাদ সম্মেলনে কোম্পানির ২০১২ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়, এ প্রান্তিকে এক হাজার ২৪ কোটি টাকা রাজস্ব আয় করে রবি, যা আগের প্রান্তিকের চেয়ে ১ শতাংশ বেশি। তৃতীয় প্রান্তিকে রাজস্ব আয় ছিল এক হাজার ১৪ কোটি। চতুর্থ প্রান্তিকে রবি ১২৪ কোটি টাকা মুনাফা করে। কিন্তু তৃতীয় প্রান্তিকে ৬৬ কোটি টাকা লোকসান হওয়ায় শেষ পর্যন্ত বছর শেষে প্রতিষ্ঠানটির মুনাফা ৯১ কোটি টাকায় নেমে আসে। দুই লাখ ৪০ হাজার নতুন গ্রাহক রবির সংযোগ নিয়েছে চতুর্থ প্রান্তিকে। এই সংখ্যা তৃতীয় প্রান্তিকের চেয়ে ১ দশমিক ১০ শতাংশ বেশি। অবশ্য প্রথম তিন প্রান্তিকে গ্রাহকসংখ্যা বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ।মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘গত বছর ১০ সেকেন্ড পালস ও পোস্ট অ্যাকটিভেশন কার্যকর করায় সর্বশেষ প্রাপ্তিকে গ্রাহকসংখ্যা বৃদ্ধির হার ও রাজস্ব কিছুটা কম হয়েছে।’ এক প্রশ্নের জবাবে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ গ্রাহক স্মার্টফোন ব্যবহার করেন, যা দিয়ে তৃতীয় প্রজন্মের প্রযুক্তির (থ্রিজি) ব্যবহার করা যাবে। ফলে এখনো থ্রিজির বাজার অনেক ছোট। তার পরও প্রতিযোগিতায় টিকে থাকতে রবি থ্রিজির লাইসেন্সের জন্য আবেদন করবে।মাহতাব উদ্দিন আরও বলেন, সরকার থ্রিজির লাইসেন্সের নিলামের ভিত্তিমূল্য অনেক বেশি নির্ধারণ করেছে। এটি প্রতিবেশি ভারতের চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। তাই ভিত্তিমূল্য কমানো উচিত। এ ছাড়া এক বছরের মধ্যে লাইসেন্স ফি পরিশোধে বিধানটিও অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।