রবির বিশেষ সাধারণ সভা ২১ ডিসেম্বর
মোবাইল অপারেটর এয়ারটেলের সঙ্গে একীভূত হতে ২১ ডিসেম্বর বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করতে যাচ্ছে রবি আজিয়াটা। এর আগে গত সোমবার এয়ারটেল বাংলাদেশ ১৫ ডিসেম্বর তাদের ইজিএমের ঘোষণা দেয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এই ইজিএমের আইনি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রবি।
নোটিশ অনুযায়ী, ২১ ডিসেম্বর ঢাকার গুলশানের নাফি টাওয়ারে রবির প্রধান কার্যালয়ে এই ইজিএম অনুষ্ঠিত হবে। রবির সঙ্গে এয়ারটেলের ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি বিনিয়োগকারী ও অর্থলগ্নিকারীদের মাধ্যমে অনুমোদন করাই বিশেষ এই সাধারণ সভার উদ্দেশ্য।
ইতিমধ্যে একীভূত হওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সরকারের কাছে আবেদন করেছে রবি ও এয়ারটেল। একীভূত হওয়ার আবেদন অনুযায়ী, এয়ারটেল বাংলাদেশের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ও দেনার দায়িত্ব নেবে রবি।
অপারেটর দুটি এক হলে ৩ কোটি ৮২ লাখ গ্রাহক নিয়ে এটিই হবে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। বর্তমানে ৫ কোটি ৫৮ লাখ গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আর ৩ কোটি ২৬ লাখ গ্রাহক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলালিংক।
রবি ও এয়ারটেল সূত্রে জানা গেছে, অপারেটর দুটির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেলের পরিচালনা পর্ষদ ইতিমধ্যে একীভূত হওয়ার এ প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে। এখন ইজিএমের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিতে বিনিয়োগকারী ও অর্থলগ্নিকারীদের অনুমতি নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।