রবির ম্যাজিক স্ক্র্যাচ কার্ড, একের ভেতর তিন সুবিধা
একটি রিচার্জ কার্ড দিয়েই ফোনকল, ইন্টারনেট ও খুদে বার্তা—তিনটি সেবাই পাবেন গ্রাহক। মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা এমন একটি রিচার্জ কার্ড বাজারে নিয়ে এসেছে। এর নাম দেওয়া হয়েছে ম্যাজিক স্ক্র্যাচ কার্ড।
তিনটি সমন্বিত সেবার এ রিচার্জ কার্ডের দাম ২৯ টাকা। স্ক্র্যাচ কার্ডটির আওতায় রয়েছে ৭৫ মেগাবাইট ইন্টারনেট, ১৫ মিনিট রবি থেকে রবি ও ১৪ মিনিট রবি থেকে অন্য অপারেটরে ভয়েস কল এবং ২৯টি এসএমএস বা খুদে বার্তা পাঠানোর সুযোগ। রিচার্জ করার পর থেকে কার্ডটির মেয়াদ তিন দিন।
রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এত বলা হয়, রবি অনুমোদিত যেকোনো রিটেইলার পয়েন্ট বা খুচরা পর্যায়ের দোকান থেকে কার্ডটি কেনা যাবে। কার্ডে দেওয়া ইউএসএসডি কোড ব্যবহার করে গ্রাহক তাঁর ইন্টারনেট ডেটা, ভয়েস কল মিনিট ও খুদে বার্তার অবশিষ্ট ব্যালেন্স চেক করতে পারবেন।
রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর এ সম্পর্কে বলেন, মুঠোফোন ব্যবহারের পরিবর্তিত ধারার সঙ্গে সমন্বয় করতে ম্যাজিক স্ক্র্যাচ কার্ডটি বাজারে আনা হয়েছে। সুযোগটি গ্রহণের মাধ্যমে গ্রাহক নিজেই হবেন তাঁর মোবাইল ফোন ব্যবহারের নিয়ন্ত্রক।