রবির রোমিংয়ে সাশ্রয়ী কলরেট
ইন্টারন্যাশনাল রোমিংয়ে রবি আজিয়াটা লিমিটেড নিয়ে এসেছে সাশ্রয়ী কলরেট। একই সঙ্গে গ্রাহকদের ইন্টারনেট সেবার চাহিদার কথা বিবেচনা করে ৫৮টি দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে ডাটা রোমিং। মাত্র ৮০০ টাকায় প্রতিদিন অবাধ (আনলিমিটেড) ইন্টারনেট উপভোগের সুবিধা পাবেন গ্রাহকেরা। গতকাল সোমবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মোট ছয়টি দেশের নেটওয়ার্কে গ্রাহকেরা ১৫ টাকা মিনিটে কথা বলার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় সেলকম, ইন্দোনেশিয়ায় এক্সেল, শ্রীলঙ্কায় ডায়ালগ, কম্বোডিয়ায় হ্যালো, ভারতের আইডিয়া ও সিঙ্গাপুরের মোবাইল ওয়ান অপারেটরের নেটওয়ার্কে এ সুযোগ পাওয়া যাবে। নতুন এ অফারের আওতায় প্রতি মিনিট লোকাল কল, বাংলাদেশে কল, ইনকামিং কল ও সব ধরনের এসএমএসের জন্য ১৫ টাকা চার্জ করা হবে। এই ছয়টি দেশের নেটওয়ার্কে দিনপ্রতি ৮০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। এই ইন্টারনেট সুবিধা মিলবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, তাইওয়ান, পাকিস্তান, কুয়েত, ইতালি, সুইডেন, বাহরাইনসহ বিভিন্ন দেশে।