রবির ৩৯০ কোটি টাকা লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার বছর মুনাফার পর ২০১৬ সালে এসে ফের লোকসানে পড়েছে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা। শেষ হওয়া বছরে অপারেটরটির লোকসান হয়েছে ৩৯০ কোটি টাকা। এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়া, নেটওয়ার্ক উন্নয়নে বাড়তি বিনিয়োগের কারণে গত বছর এ লোকসান হয়েছে বলে জানিয়েছে রবি।
২০১৬ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক ফলাফল প্রকাশ উপলক্ষে রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৬ সালে রবির আয় হয়েছে ৫ হাজার ২৬৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। আয় বাড়লেও উচ্চ পরিচালন ব্যয়ের কারণে এ সময়ে ৩৯০ কোটি টাকা লোকসান হয়েছে অপারেটরটির।
রবির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালে রবি ৪০০ কোটি টাকা মুনাফা করেছিল। গত বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্তও অপারেটরটি মুনাফায় ছিল। কিন্তু শেষ দুই প্রান্তিকে মুনাফা ধরে রাখা সম্ভব হয়নি। গত আগস্টে আদালতের অনুমোদন পাওয়ার পর নভেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তরঙ্গ সমন্বয় ও একীভূতকরণ ফি হিসেবে ৩১৮ কোটি টাকা পরিশোধ করে রবি। লোকসান হলেও ২০১৬ সালে রবি বিনিয়োগকারীদের ২৯০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে।
একীভূত হওয়ার পর রবির মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ, যা দেশের মুঠোফোন সংযোগের ২৭ শতাংশ। এ সময়ে ইন্টারনেট ডেটা থেকে রবির আয় বেড়েছে ৩৮ শতাংশ। সরকারি কোষাগারে রবি জমা দিয়েছে ২ হাজার ১০০ কোটি টাকা, যা মোট আয়ের ৪০ শতাংশ। গত বছর রবি নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ করেছে ২ হাজার ৩০ কোটি টাকা। শুরু থেকে এখন পর্যন্ত অপারেটরটির বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬০ কোটি টাকা।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে এয়ারটেলের সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ শেষ করেছি আমরা। একীভূতকরণের ফলে গ্রাহকেরা লাভবান হওয়ার পাশাপাশি পুরো টেলিযোগাযোগ শিল্প উপকৃত হবে।’