রমজান উপলক্ষে ভেজালবিরোধী বিশেষ অভিযান কাল শুরু
রমজান মাস সামনে রেখে জনগণের মাঝে ভেজালমুক্ত খাদ্য ও পণ্যসামগ্রী সরবরাহ করার লক্ষ্যে কাল মঙ্গলবার থেকে ভেজালবিরোধী বিশেষ অভিযান শুরু করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানী ঢাকায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।গতকাল রোববার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ ঘোষণা দেন। এ সময় শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলমসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দিলীপ বড়ুয়া বলেন, ব্যবসায়ী বা জনমনে কোনো ধরনের ভীতি সঞ্চার বা উৎকণ্ঠা সৃষ্টির উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হবে না। রমজানে জনস্বাস্থ্যের জন্য হানিকর নয়, এমন পণ্য সরবরাহে সহযোগিতা করা এবং ওজনে কারচুপি বন্ধ করাই এ অভিযানের মূল লক্ষ্য। মন্ত্রী এ অভিযান সফল করার জন্য গণমাধ্যমের সহায়তা কামনা করেন।মন্ত্রী জানান, রাজধানী ঢাকায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং একই সঙ্গে বিভাগীয় শহরসহ দেশের অন্যান্য জেলায় জেলা প্রশাসকের সহায়তায় ভেজালবিরোধী অভিযান শুরু হবে। রোজাদারেরা যাতে অস্বাস্থ্যকর খাদ্য ও পানীয় গ্রহণ করে অসুস্থ না হয়ে পড়েন, সেদিকে বেশি খেয়াল রেখে এ অভিযান পরিচালনা করা হবে।শিল্পমন্ত্রী আরও বলেন, রোজাদারেরা যাতে ভেজাল ইফতারসামগ্রী গ্রহণের ফাঁদে না পড়েন, সে লক্ষ্যে রমজান মাসে খোলা ও নোংরা পরিবেশে ইফতারি প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে ‘পিওর ফুড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-২০০৫’-এর আলোকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই সারা বছর ভেজালবিরোধী অভিযান পরিচালনা করলেও রমজানে এ বিশেষ অভিযানের মাধ্যমে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে সরকারের অবস্থান আরও জোরদার করা হয়। কারণ এ সময় পচনশীল পণ্য বেশি বেচাবিক্রি হয়। এর ফলে অভিযান চালানোর মাধ্যমে ভেজালের মতো নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের আত্মশুদ্ধির অনুভূতি সৃষ্টি এবং সাধারণ জনগণের মধ্যে মানসম্মত খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে। আরেক প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া জানান, অভিযান পরিচালনাকালে বিএসটিআইয়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এক প্রশ্নের জবাবে বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ জানান, ‘পিওর ফুড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-২০০৫’-এর অধীনে পাঁচ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা ছয় মাস থেকে দুই বছর মেয়াদে কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে ভেজাল রোধে বিএসটিআই সারা দেশে এক হাজার ৫১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এর আওতায় এক হাজার ৮২২টি মামলা করা হয়েছে। ইতিমধ্যে এক হাজার ৮০৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চার কোটি ৪৯ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের পাশাপাশি বিএসটিআইয়ের উদ্যোগে ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহরে সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। সার্ভিল্যান্স টিম পরিচালনাকালে ৩৪৭টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১৬ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুষ্ঠানে আরও জানানো হয়, ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই ২০০৯-২০১০ অর্থবছরে দেশব্যাপী এক হাজার ৫১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।