রমজান মাস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি
রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। সাধারণভাবে এই বন্দর দিয়ে যেখানে দৈনিক ২০০ থেকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হতো, সেখানে এখন তা ৫০০ মেট্রিক টনে উঠেছে বলে আমদানিকারকেরা জানান। হিলি স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার সৈয়দ হুমায়ুন আখতার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা যাতে ট্রাক থেকে পেঁয়াজ দ্রুত খালাস করে বিভিন্ন গন্তব্যে পাঠাতে পারেন, সে জন্য কাস্টমস কর্মকর্তারা রাত পর্যন্ত কাজ করছেন। তিনি আরও জানান, গত ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ভারত থেকে এই বন্দর দিয়ে ২০ হাজার ২০৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের কেজিপ্রতি দাম পড়ছে ৩২-৩৩ টাকা। এখান থেকে ঢাকাসহ দেশের অন্যান্য মোকামের ব্যবসায়ীরা কিনে নেন। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, রমজান মাসে দাম স্বাভাবিক রাখতে বেশি করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।