রমজান মাসে এবার চিনির সংকট হবে না। ভোক্তারা প্রতি কেজি চিনি ৬০ টাকার নিচে কিনতে পারবেন। এমনটাই জানালেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ ছাড়া বর্তমান বাস্তবতায় বেসরকারীকরণ কমিশনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। ডিআরইউর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘আসছে রমজান মাসে চিনির কোনো সংকট হবে না। প্রতি কেজি চিনি ৬০ টাকার নিচে এবার আমরা দিতে পারব। এ জন্য ৭৫ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হয়েছে। উৎপাদিত হয়েছে ৭০ হাজার মেট্রিক টন। আর গত বছরের উদ্বৃত্ত আছে ২৪ হাজার মেট্রিক টন।’ শিল্পমন্ত্রী আরও বলেন, ‘পাট ও বস্ত্র মন্ত্রণালয় অনেকগুলো মিল বেসরকারীকরণ কমিশনের কাছ থেকে ফিরিয়ে নিয়েছে। তাই আমি মনে করি, বর্তমান বাস্তবতায় বেসরকারীকরণ কমিশনের প্রয়োজনীয়তা নেই। কারণ, তাদের তদারকিব্যবস্থা নেই।’ দিলীপ বড়ুয়া বলেন, ‘কোহিনূর কেমিকেলের কাছে আমরা ১৭৫ কোটি টাকা পাই। বেসরকারীকরণের পর প্রতিষ্ঠানটি কেবল প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছিল। এই পাওনা টাকা উত্তোলনে বর্তমানে বেসরকারীকরণ কমিশনের কোনো কার্যকারিতা নেই।’ প্লট বিষয়ে: গত মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে ‘মন্ত্রী দিলীপ বড়ুয়ার ছয় প্লট’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রভাব খাটিয়ে স্ত্রী, কন্যা, ভাইপো ও নিজের নামে মোট পাঁচটি সরকারি প্লট নিয়েছেন শিল্পমন্ত্রী। এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে আমি একটি প্লট পেয়েছি। আমরা স্ত্রী পেশাজীবী হিসেবে আবেদন করে একটি প্লট পেয়েছে। কিন্তু স্বচ্ছতার জন্য আমরা একটি প্লট রেখেছি, অন্যটি “সারেন্ডার” করেছি।’ উত্তরা ও ঝিলমিল প্রকল্পে কোনো আবেদন করেননি বলেও দাবি করেন তিনি। শিল্পমন্ত্রী আরও বলেন, ‘এ ছাড়া আমেরিকাপ্রবাসী আমার ভাই ও মেয়ের জামাই একটি করে প্লট পেয়েছে। তারা প্রবাসী কোটায় আবেদন করে প্লট পেয়েছে।’ প্লট পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব খাটাননি দাবি করে তিনি বলেন, ‘আমার ১২ জন আত্মীয় আবেদন করেছিল, কিন্তু পেয়েছে মাত্র দুজন। প্রভাব খাটালে তো সবাই প্লট পেত।’ এ ক্ষেত্রে নিজের রাজনৈতিক আদর্শের কোনো ব্যত্যয় হয়নি বলে মন্তব্য করেন তিনি। শিল্পমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘মাগুরা পেপার মিলের এক শেয়ারহোল্ডার ভদ্রলোক সরকারের সব শেয়ার নিয়ে নিতে চাইছেন। যেহেতু আমরা বাদ সাধছি, তাই এ ধরনের অপ্রচার চালানো হচ্ছে।’ দিলীপ বড়ুয়া বলেন, ‘মন্ত্রীরা দায়িত্ব নিলেই নতুন নতুন গাড়ি কেনেন। কিন্তু আমি ২০০৫ সালে ক্রয়কৃত গাড়িই এখনো ব্যবহার করি।’ তিনি বলেন, ‘মন্ত্রী হিসেবে তিন বছর পার করলেও আমার ব্যক্তিগত কোনো গাড়ি নেই। মন্ত্রী হিসেবে বরাদ্দ পাওয়া একটি প্রাইভেট কার ও একটি জিপই আমি ব্যবহার করি।’ শিল্পমন্ত্রী বলেন, ‘বিত্তবৈভবের মালিক হওয়ার আমার কোনো স্বপ্ন নেই। আশা করি, ভবিষ্যতেও থাকবে না।’