রমজান মাসে চিনির বাজার স্থিতিশীল থাকবে: শিল্পমন্ত্রী
রমজান মাসে চিনির বাজার সম্পূর্ণ স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেছেন, রমজান মাসে কেউ যদি চিনির বাজারে কারসাজির চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর মতিঝিলে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) মিলনায়তনে গতকাল বুধবার ‘চিনিকল এলাকায় আখচাষিদের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক উপলক্ষে সভার আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার সভায় বিশেষ অতিথি ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।সভায় শিল্পমন্ত্রী বলেন, রমজানে চিনির বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) ইতিমধ্যে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন চিনির মজুদ গড়ে তুলেছে।শিল্পমন্ত্রী বলেন, চিনিশিল্পকে লাভজনক করতে সরকার আখের মূল্য মণপ্রতি ৬৪ থেকে বাড়িয়ে ৯৩ টাকা করেছে। চিনিকল এলাকায় পাওয়ার ক্রাসারের মাধ্যমে গুড় উৎপাদন বন্ধ করতে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।সভায় চাষিদের উদ্বুদ্ধ করতে আখের দাম মণপ্রতি ১৩০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন আখচাষিরা।