রমজান মাসে নিত্যপণ্যের দর স্থির রাখার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের, বিশেষত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের জোগান স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল থাকবে। গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক জরুরি সভায় এ তথ্য জানানো হয়।
আসন্ন রমজান উপলক্ষে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের মজুত ও আমদানি পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যানের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, টিকে গ্রুপ, এস আলম গ্রুপ, বাংলাদেশ এডিবল ওয়েল, মেঘনা গ্রুপ, এসএ ওয়েল রিফাইনারি লিমিটেডের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তারিত আলোচনার পর ভোক্তাদের সুবিধার্থে ব্যবসায়ীরা ঐকমত্যের ভিত্তিতে চিনি মিলগেটে প্রতি কেজি ৪১.৫০ টাকা, সর্বোচ্চ পাইকারি প্রতি কেজি ৪২.৫০ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫.৫০ টাকা নির্ধারণ করেন।
এ ছাড়া পাম অয়েল মিলগেটে প্রতি লিটার ৬৯ টাকা, সর্বোচ্চ পাইকারি মূল্য ৭০ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ৭৩-৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল (লুজ) মিলগেটে প্রতি লিটার ১০১ টাকা, সর্বোচ্চ পাইকারি মূল্য ১০২ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ১০৫-১০৮ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল (পেট) প্রতি লিটার বর্তমান মূল্য ১৩২ টাকা থেকে কমিয়ে ১২৭ টাকায় এবং প্রতি পাঁচ লিটার বোতলে ২৫ টাকা কমে বিক্রি হবে বলেও সিদ্ধান্ত হয়।