রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার আশ্বাস
আগামী রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার আশ্বাস দিয়েছেন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা।
তবে ব্যবসায়ীরা এ জন্য রমজান মাসে পণ্য আমদানি এবং সরবরাহব্যবস্থায় যেন কোনো ধরনের বাধা-বিপত্তির সৃষ্টি না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ীরা এ আশ্বাস দেন।
সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, শুধু রমজান মাসে নয়, সারা বছরই নিত্যপণ্যের মজুত, সরবরাহ ও দাম স্বাভাবিক থাকবে। এ জন্য তিনি ব্যবসায়ীদের সহযোগিতা চান। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতার আশ্বাস দেন। সরকার ও ব্যবসায়ীরা যৌথভাবে কাজ করে বাজার স্বাভাবিক রাখবে বলে জানান তিনি।
বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ব্যবসায়ীরা আগেভাগে প্রস্তুতি নেওয়ায় রমজানে পণ্যের বাজারদর হাতের নাগালে থাকবে।
ভোজ্যতেল পরিশোধনকারী কারখানার মালিকদের সমিতির সভাপতি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বর্তমানে ভোজ্যতেল, চিনি, আটা-ময়দার পর্যাপ্ত মজুত আছে। রমজান মাসের আগে পাইপলাইনে থাকা পণ্য সরবরাহ করে বাজার স্বাভাবিক রাখা হবে। যেন এক দিনের জন্যও রমজানে বাজারদরে প্রভাব না পড়ে।
বাংলাদেশ এডিবল অয়েলের মহাব্যবস্থাপক এনাম আহম্মেদ বলেন, এবার রমজান মাসে কোনোভাবেই ভোজ্যতেলের দাম বাড়বে না।