রমজান মাসে পণ্যের দাম বাড়ানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে ব্যবসায়ীদের সৎ ব্যবসা করতে হবে। এ সময় বাজারে চিনি, আলু, পেঁয়াজ প্রভৃতি পণ্যের দাম অযথা বাড়তে দেওয়া যাবে না। খাবারেও কোনো ধরনের রং ব্যবহার করা যাবে না।সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) স্থানীয় জেলা প্রশাসক মো. আবদুস সামাদ এ কথা বলেন। তিনি প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত গঠনের উল্লেখ করে বলেন, ব্যবসায়ী নেতাদের নিয়ে সব সময় বাজার তদারকি করা হবে। তবে ব্যবসায়ীরা যাতে হয়রানি না হন, সেদিকেও লক্ষ রাখা হবে। সাতক্ষীরা চেম্বারের সভাপতি মো. দ্বীন আলীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে গত সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র শেখ আশরাফুল হক, সাবেক সাংসদ এম মুনছুর আহম্মেদ, চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ জলিল, সাবেক সভাপতি শেখ আজহার হোসেন, সদস্য শেখ ইদ্রিস আলী এবং জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাধু ও সচিব মতলুবর রহমানসহ শেখ নূরুল হক, আশরাফুজ্জামান আশু, কামরুল ইসলাম ফারুক, মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। মো. আবদুস সামাদ সভায় জানান, সাতক্ষীরা জেলায় রেললাইন স্থাপনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভোমরা স্থলবন্দরকে সংযুক্ত করার কাজও হাতে নেওয়া হচ্ছে।আবদুস সামাদ আরও বলেন, চিংড়ি চাষের জমি ও ধানের জমির ইজারার মূল্য এক থাকতে পারে না। এক কেজি চিংড়ি ৫০০ টাকায় আর এক কেজি ধান ১৫ টাকায় বিক্রি হয়।