রমজান মাসে বাজার তদারকি করবে ফরিদপুর চেম্বার
রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে ফরিদপুর চেম্বার অব কমার্স আট সদস্যের একটি মনিটরিং তথা তদারকি কমিটি গঠন করেছে। চেম্বারের সহসভাপতি ইউনুস আলীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।চেম্বার মিলনায়তনে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। এ সভায় ফরিদপুরের ব্যবসায়ীরা বিভিন্ন সময় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।সভায় ফরিদপুর চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান খান সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেন, সহসভাপতি ইউনুস মিয়া, জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি এম এম জামান, শহরের টেপাখোলা বাজার বণিক সমিতির সভাপতি মুন্সী মো. আলাউদ্দীন মিয়া, ক্যাবের সভাপতি তারেক আইউব খান, ব্যবসায়ী জয় গোবিন্দ সাহা, স্বপন সাহা, মনোজ কুমার সাহা, স্বপন কুমার দাস, মো. মোশাররফ হোসেন ও মো. হারুন-অর-রশীদ, সাংবাদিক আ. মতিন ফকির ও আ ত ম আমীর আলী।সভায় জানানো হয়, গত এক মাসে ফরিদপুরে প্রতি কেজি লবণ ২২ টাকা থেকে বেড়ে ৩৩ টাকায়, ছোলা ৬৮ টাকা থেকে ৮৫ টাকায়, পেঁয়াজ ২২ টাকা থেকে ৩০ টাকায় ও মসুরের ডাল ৮৮ টাকা থেকে ১০৫ টাকায় উন্নীত হয়েছে।