রমজান মাসে ব্যাংকের লেনদেন চলবে সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা
পবিত্র রমজান মাসে বাংলাদেশ ও দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে ব্যাংকে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেনের কাজ সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক চলাকালীন বেলা একটা ১৫ মিনিট থেকে একটা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি নির্ধারণ করা হলেও রমজানপূর্ব সময়ের মতো নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত রাখা হবে।রমজান মাসের পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।এদিকে রমজানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। চলবে বেলা দেড়টা পর্যন্ত। তবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ডিএসইর অফিস খোলা থাকবে।এ ছাড়া ডিএসইর ক্লিয়ারিং অ্যাকাউন্টস বিভাগ বেলা সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেক গ্রহণ ও প্রদান করবে। এ ছাড়া বেলা আড়াইটা পর্যন্ত স্পট মার্কেটের লেনদেন নিষ্পত্তি হবে।