রমজান মাসে ভোজ্যতেলের দাম স্থিতিশীল থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে ভোজ্যতেলের চাহিদা বাড়লেও দাম স্থিতিশীলই থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।গতকাল সোমবার সচিবালয়ে ভোজ্যতেলের মজুদ ও মূল্য পরিস্থিতি সম্পর্কে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী, ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, রমজানে ভোজ্যতেলের দাম বাড়বে না। বর্তমানে যে দাম আছে, রমজানেও ওই দামই বহাল থাকবে। তবে দু-এক টাকা এদিক-সেদিক হতে পারে। ভোজ্যতেল পরিশোধনকারীদের সঙ্গে আবারও বৈঠক করার কথা উল্লেখ করে তিনি আশ্বাস দেন, ১৬ কোটি মানুষকে জিম্মি করে মুনাফা করা হবে না এবং রমজানে বাজার স্থিতিশীল থাকবে।এফবিসিসিআইয়ের সভাপতি জানান, ব্যবসায়ীরা ভোজ্যতেল খাতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেন। শুধু রমজানের সময় দাম বাড়ানোর কোনো কারণ নেই। জানা গেছে, বেসরকারিভাবে দেশে এক লাখ টন সয়াবিন তেল মজুদ রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আরও ৫০ হাজার টন ভোজ্যতেল দেশে এসে পৌঁছাবে। ভোজ্যতেল পরিশোধনকারী সমিতি সূত্র জানায়, দেশে প্রতি মাসে তেলের চাহিদা এক লাখ টন। রমজানে চাহিদা বেড়ে সোয়া লাখ টনে গিয়ে দাঁড়ায়। বর্তমানে মিলগেটে সয়াবিন তেল ৭৫ টাকা কেজি এবং খুচরা বাজারে ৮০ থেকে ৮২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পামতেল বিক্রি হচ্ছে মিলগেটে ৬৮ থেকে ৭০ টাকায় এবং খুচরা বাজারে ৭৩ থেকে ৭৫ টাকায়।মিলগেটে ভোজ্যতেলের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘এটি হবে না। কারণ ভোজ্যতেলের মজুদ পর্যাপ্ত রয়েছে।’