রমজান মাসে মূল্যস্ফীতির হার বাড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে দুই অঙ্কে উপনীত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ গত চার বছরের দ্রব্যমূল্য, চার বছরের রমজান মাসে ও রমজানের আগে-পরের দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির হারের প্রবণতা পর্যালোচনা করে যে পূর্বাভাস প্রকাশ করেছে, তাতে এই আশঙ্কা উঠে এসেছে।এতে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত রমজান মাসে গড়ে ১৫ দশমিক শূন্য ৯ শতাংশ হারে মূল্যস্ফীতি হয়েছে।এই প্রবণতা অনুসারে ২০১০ সালের রমজান মাসে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে প্রায় ১৮ দশমিক ৫৪ শতাংশ হতে পারে।তবে সাধারণ মূল্যস্ফীতির হার হবে ১৪ দশমিক ৬০ শতাংশের কাছাকাছি, যা বিগত চার বছরে গড়ে ৯ দশমিক ৭৬ শতাংশ ছিল বলে উল্লেখ করা হয়েছে। উন্নয়ন অন্বেষণ ক্যাবের কাছে সংরক্ষিত গত চার বছরের বাজারদর পর্যালোচনা করেছে। তাতে দেখা যায়, রমজান মাসে অন্য মাসের তুলনায় গড়ে মাঝারি মানের (নাজিরশাইল, পাইজাম) চালের দাম বাড়ে গড়ে প্রায় ৫ দশমিক ৩৬ শতাংশ। একই সময়কালে মোটা চালের দাম বাড়ে প্রায় ১ দশমিক ৩৬ শতাংশ।প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাংসের ক্ষেত্রে গরুর মাংসের দাম বাড়ে প্রায় ২ দশমিক ৪৮ শতাংশ, যেখানে খাসির মাংসের দাম ১ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধির চেয়ে বেশি।দেশি মুরগির ক্ষেত্রে মূল্য বাড়ে মাত্র ১ শতাংশ, যেখানে ফার্মের মুরগির দাম বাড়ে ১ দশমিক ৪০ শতাংশ। কিন্তু সবচেয়ে বেশি দাম বাড়ে শাকসবজির দাম, যা গড়ে অন্য মাসের তুলনায় প্রায় ১৭ দশমিক ২ শতাংশ বেশি।