রমজান মাসের আগেই পরিবেশক নিয়োগ সম্পন্নের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি ও ভোজ্যতেলের বিপণন-কার্যক্রমে পরিবেশক নিয়োগে ঢিলেমিতে অসন্তোষ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি রমজান মাসের আগেই পরিবেশক নিয়োগ সম্পন্ন করে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য বিভিন্ন কোম্পানিকে নির্দেশ দেন তিনি। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ জানানো হয়। আর বৈঠক শেষে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, হরতালের কারণে নিত্যপণ্যের সরবরাহব্যবস্থায় সংকট তৈরি হচ্ছে, যার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই, সব রাজনৈতিক দলের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানান তিনি। অন্যদিকে, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ সাফ জানিয়ে দিয়েছেন, হরতালের কারণে পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটলে দ্রব্যমূল্য বাড়ার দায় ব্যবসায়ীরা নেবেন না।গতকাল শনিবার সচিবালয়ে ভোজ্যতেল ও চিনি পরিশোধন কারখানা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে তাঁরা এসব কথা বলেন। এটি ছিল মূলত দুই পণ্যে নতুন বিপণনব্যবস্থা অর্থাৎ পরিবেশক পদ্ধতি বাস্তবায়নের জন্য গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠক।বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্য, শিল্প, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ট্যারিফ কমিশন, এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, চিনি ও ভোজ্যতেল ব্যবসায়ীদের দুই সমিতি এবং ১২টি পরিশোধন কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিবেশক নিয়োগসহ নতুন পদ্ধতি বাস্তবায়নের অগ্রগতি, ইতিমধ্যে নিয়োগ করা পরিবেশকদের মাধ্যমে পণ্য বিপণনের হালনাগাদ চিত্র এবং অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশের অন্যান্য নির্দেশনা পালনে সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি ও পদক্ষেপ নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়েছে।বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, আবহাওয়াসহ প্রাকৃতিক দুর্যোগও অনেক সময় নিত্যপণ্যের দাম বাড়ার কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে হরতাল। হরতালের কারণে পণ্যের দাম বাড়ে। কারণ অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নেন। বিরোধী দলের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা হরতালের রাজনীতি বন্ধ করুন। যেসব কারণে হরতাল ডাকা হয়েছে তা অযৌক্তিক। কেউ যদি দুর্নীতি করে থাকে বা বোমাবাজি করে থাকে, তার শাস্তি হবেই। হরতাল করে পণ্যের সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটাবেন না।’ সরবরাহ পরিস্থিতি: ব্রিফিংয়ে আগামী রমজান শেষ হওয়া পর্যন্ত প্রায় দুই মাসের চিনি ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি তুলে ধরেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। তিনি জানান, বর্তমানে চিনির মজুদ রয়েছে ৯৭ হাজার টন। ইতিমধ্যে দুই লাখ ১৭ হাজার টনের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। এ ছাড়া চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কাছে রয়েছে ৫৩ হাজার টন। ঈদ পর্যন্ত তিন লাখ টন চিনির চাহিদা থাকলে আরও এক লাখ টন অতিরিক্ত থেকে যায়। সচিব জানান, ভোজ্যতেলের মজুদ রয়েছে এক লাখ ৩২ হাজার টন। আর তিন লাখ ৬৭ হাজার টনের এলসি খোলা হয়েছে। ৩০ রোজা পর্যন্ত চাহিদা হলো আড়াই লাখ টন। সুতরাং ঈদ পর্যন্ত এই দুই পণ্যে সরবরাহের কোনো ঘাটতি হবে না। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার আর কোনো কারণ নেই। তবে চিনির বাজারটা একটু অস্থির। রমজানে ব্যবসায়ীরা প্রয়োজনে মুনাফা না করে চিনি বিক্রির আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।পরিবেশক নিয়োগে ঢিলেমি: বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, কেউ কেউ ভাবতে পারেন যে, চালান প্রথা (ডিও) বুঝি আবার ফিরে আসবে। এ ভাবনা ভুল। পণ্য বিপণনে পরিবেশক পদ্ধতিই চূড়ান্ত। এটা আইন এবং বহু আলোচনার পর তা করা হয়েছে। এর কোনো পরিবর্তন হবে না। গত ৮ জুলাই পর্যন্ত সাত হাজার ৬১ জন পরিবেশক নিয়োগ হওয়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী রমজানের আগেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে কোম্পানিগুলোকে তাগিদ দেন। ফারুক খান বলেন, ‘উপজেলা পর্যায়ে পরিবেশক হওয়ার জন্য আট থেকে ১০ জন ব্যক্তি নেই, এটা আমি বিশ্বাস করি না।’ কোম্পানিগুলোর উদ্দেশে পরিবেশক হতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে জামানতের অঙ্ক কম নেওয়ার আহ্বান জানান তিনি। কিছু কোম্পানি পরিবেশক পদ্ধতি বাস্তবায়নে অসহযোগিতা করছে—পত্রিকায় প্রকাশিত এমন প্রতিবেদনের প্রসঙ্গ উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী। ব্রিফিংয়ে উপস্থিত সিটিগ্রুপের চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ফজলুর রহমান ভাই, আপনাদের জন্য এটা লজ্জার বিষয়। দয়া করে খুচরা ও পাইকারি কেনাবেচার সময় পাকা রসিদের বন্দোবস্ত করেন। জনগণ ও ব্যবসায়ী কারওই যেন ভোগান্তি না হয়।’শিগগিরই খোলা আকারে চিনি ও ভোজ্যতেল বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বড় কোম্পানিগুলো ইতিমধ্যেই খোলা বিক্রি বন্ধ করে দিয়েছে। অন্যদেরও করতে হবে। শ্রমিকসহ সাধারণ মানুষের স্বার্থে ৫০০ গ্রাম বা ২৫০ গ্রামের পলিপ্যাক থাকতে পারে।’ কার কত পরিবেশক: বৈঠকে ট্যারিফ কমিশনের পক্ষ থেকে পরিবেশকদের হালনাগাদ একটি চিত্র তুলে ধরা হয়েছে। বৈঠক সূত্র জানায়, এ পর্যন্ত সবচেয়ে বেশি পরিবেশক নিয়োগ দিয়েছে সিটিগ্রুপ। তীরমার্কা ব্র্যান্ডের ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে এই গ্রুপ তিন হাজার ৬৪২ জন পরিবেশক নিয়োগ দিয়েছে। ফ্রেশ ব্র্যান্ডের মেঘনা গ্রুপ দুই পণ্যে নিয়োগ দিয়েছে এক হাজার ৩৭৩ জন। এ ছাড়া নূরজাহান ব্র্যান্ডের মেরিন ভেজিটেবল অয়েল ৯৭, পুষ্টি ব্র্যান্ডের টিকে গ্রুপ ৬০১, মোরগ ব্র্যান্ডের এস আলম ১০০, মুশকান ব্র্যান্ডের এস এ অয়েল ২৯৪, দাদা ব্র্যান্ডের ইলিয়াস ব্রাদার্স ১১৭, মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা গ্রুপ ৩৯১, রূপচান্দা ব্র্যান্ডের বাংলাদেশ এডিবল অয়েল ১১৯ জন পরিবেশক নিয়োগ দিয়েছে। রুবাইয়া ভেজিটেবল এখন পর্যন্ত কোনো পরিবেশক নিয়োগ না দেওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। চিনির ক্ষেত্রে আবদুল মোনেম লিমিটেড ৩৩৭, দেশবন্ধু ১৫২, এস আলম ৭৫ ও পারটেক্স গ্রুপ ১১২ জন পরিবেশক নিয়োগ দিয়েছে। হয়রানির অভিযোগ: সিটিগ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বাণিজ্যমন্ত্রীর উদ্দেশে অভিযোগ আকারে বলেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) পরিশোধন কারখানা মালিকদের হয়রানি করছে। সামান্য নমুনা সংগ্রহ করে তারা সমন জারি করে দিচ্ছে। মামলাও করছে। এতে বলা হচ্ছে, সশরীরে হাজির হতে হবে। এ কেমন ধরনের আচরণ? বিনা কারণে নোটিশ পেয়েছেন—এমন কয়েকজনের নাম উল্লেখ করে ফজলুর রহমান তার প্রতিকার দাবি করেন। জবাবে বাণিজ্যমন্ত্রী ডিসিসির সঙ্গে কথা বলে এ ব্যাপারে সুরাহা করবেন বলে আশ্বাস দেন। এদিকে, মসলাসহ অন্য সব ব্যবসায়ীর সঙ্গে সচিবালয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল বিকেলে। আগামী রমজানে ছোলা, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও হলুদসহ নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি, শ্যামবাজার, মৌলভীবাজার, ফকিরেরপুল, ঠাটারীবাজার, গুলশান, খিলগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মালিবাগ, নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার এবং কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।