রমজান মাসের পণ্য সংগ্রহে টিসিবির দৌড়ঝাঁপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী আগস্টে শুরু হচ্ছে রমজান মাস। রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।কিন্তু দুই ধরনের জটিলতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না। প্রথমত, টিসিবির যথেষ্ট তহবিল নেই। দ্বিতীয়ত, সরাসরি পণ্য আমদানি ও ক্রয়ের ক্ষেত্রে রয়েছে আইনি বাধা। তবে দুই জটিলতা কাটানোর উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।টিসিবির পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সংস্থাটির অন্তত আড়াই হাজার কোটি টাকার দরকার। কিন্তু পুরো টাকা যেহেতু একসঙ্গে ব্যয় করতে হবে না, তাই আপাতত এক হাজার কোটি টাকার তহবিল হলেই চলবে।জানা গেছে, এক হাজার কোটি টাকা তহবিলের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে দুই দফা চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার পর্যন্ত এ ব্যাপারে সম্মতি দেয়নি।অন্যদিকে পণ্য আমদানি ও ক্রয়ের ক্ষেত্রে সরকারি বিধিবিধান পরিপালন থেকে তিন বছরের জন্য অব্যাহতি চাইছে টিসিবি।টিসিবি বলেছে, ২০০৬ সালের গণখাতে ক্রয় আইন (পিপিএ) এবং ২০০৮ সালের গণখাতে ক্রয়বিধি (পিপিআর) পরিপালন থেকে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া না হলে সংস্থাটি পণ্য সংগ্রহ করতে পারবে না।গত ২৪ মার্চ টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান আহমেদ স্বাক্ষরিত আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় তিন বছরের অব্যাহতির জন্যই একটি প্রস্তাব চূড়ান্ত করেছে। এতে বলা হয়েছে, পণ্য সংগ্রহের ক্ষেত্রে ক্রয় বিধি অনুসরণ করতে হবে, এটা ঠিক। কিন্তু অভিজ্ঞতায় দেখা যায়, দর প্রস্তাব পাওয়া গেলেও উচ্চমূল্যের কারণে তা কেনা সম্ভব হয় না। পণ্য ক্রয়ের প্রক্রিয়া জটিল হওয়ায় বাজারেও হস্তক্ষেপ করা যায় না।অব্যাহতির এ প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগামী বৈঠকে তা উপস্থাপন করা হবে।সরকার অবশ্য দুই বছর ধরেই টিসিবিকে এ অব্যাহতি দিয়ে আসছে। বর্তমান অব্যাহতির মেয়াদ শেষ হবে ২৫ মে।জানা গেছে, আগামী রমজান উপলক্ষে টিসিবি চিনি, সয়াবিন তেল, পাম তেল, মসুর ডাল ও ছোলা সংগ্রহের সিদ্ধান্ত নেয়। তবে প্রতিবছরই সংগ্রহের এমন সিদ্ধান্ত নিয়ে থাকলেও কোনোবারই তাতে সফল হয় না টিসিবি।সূত্র জানায়, টিসিবিকে শক্তিশালী করার কার্যক্রমের অংশ হিসেবে কয়েক মাস আগে আন্তমন্ত্রণালয়ের এক সভায় সংস্থাটিকে এক হাজার কোটি টাকার তহবিল প্রদানের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়েরও একই ধরনের নির্দেশনা ছিল টিসিবির জন্য। এর পরই সংস্থাটিকে এক হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ দিতে গত মাসে অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের ওই প্রস্তাব এক দফা প্রত্যাখ্যান করে অর্থ মন্ত্রণালয়।সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ওই অর্থ বরাদ্দ দিতে পুনর্নির্দেশ দেওয়ার পর গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় দ্বিতীয়বারের মতো অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। চিঠিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, আমদানি বা স্থানীয় পর্যায় থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) ও অগ্রিম আয়কর কর্তনের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রতিবছরই টিসিবির জটিলতা হয়। অনেক ক্ষেত্রে মূসক ও অগ্রিম আয়করের (এআইটি) জন্য টিসিবির পণ্যও আটকে রাখে এনবিআর।এ বিষয়েও বাণিজ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ভোজ্যতেলের ওপর মূসক আরোপের ক্ষেত্রে জটিলতা এড়াতে চাইছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চাওয়া হলো, ভোজ্যতেলের আন্তর্জাতিক দরের ওপর মূসক আরোপের পরিবর্তে বরং পরিমাণের ওপর নির্দিষ্ট পরিমাণ মূসক আরোপ করা। এ জন্য এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয় ভিন্ন একটি চিঠি পাঠিয়েছে।টিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানান, সংস্থাটির তহবিলে খুব বেশি অর্থ নেই। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাইলে এখন থেকেই সংগ্রহ শুরু করতে হবে। তাঁরা আরও বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা অনেক সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। সেই কাজটি এবার যাতে তারা না করতে পারে, সেজন্য বাজারে হস্তক্ষেপ বা আপৎকালীন মজুদ গড়ে তোলা দরকার। তাই জরুরি ভিত্তিতে দরকার এক হাজার কোটি টাকা।টিসিবির দেড় হাজারেরও বেশি ডিলারের মাধ্যমেই ভোক্তাদের কাছে এসব পণ্য বিক্রি করা হবে বলে জানান টিসিবির কর্মকর্তারা।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পণ্য ক্রয়ে স্থানীয় বা আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও এতে কেউ সাড়া দেয় না। টিসিবিকে তাই সরাসরি পণ্য কেনার দিকে যেতে হবে। কিন্তু পিপিএ ও পিপিআরের কারণে তা সম্ভব হয়ে ওঠে না।জানা গেছে, জরুরি ভিত্তিতে পণ্য আমদানি করতে কয়েকটি বিষয়ে গুরুতর অসুবিধায় পড়ে টিসিবি। এগুলো হচ্ছে: পিপিআরের ২৭(১) বিধি অনুযায়ী, বিভাজ্য পণ্যের ক্ষেত্রে চুক্তিমূল্যের ৫ শতাংশ এবং পণ্য-সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে চুক্তিমূল্যের ১০ শতাংশ জামানত রাখা। টিসিবি চায় জামানতের হার ২ শতাংশ করতে।বিধি ৮৫(৩) অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে কোটেশন পদ্ধতিতে পণ্য সংগ্রহের বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সম্ভাব্য সরবরাহকারীদের তালিকা প্রণয়নের শর্ত রয়েছে। টিসিবি বলেছে, বেশি সংখ্যক পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকারীর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং কোটেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই শর্ত পালনও তাদের পক্ষে সম্ভব নয়।সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) শীর্ষ কর্মকর্তারা অবশ্য ভিন্ন মত দেন এ ব্যাপারে। তাঁদের মতে, ক্রয় বিধিবিধান পালনের শর্ত থেকে অব্যাহতি আমদানি বা ক্রয়ের জন্য সহজ হলেও, এতে যেন দুর্নীতির সুযোগ তৈরি না হয়, সেদিকে নজর রাখতে হবে। শর্তসাপেক্ষে বড়জোর আরও এক বছর এই ছাড়ের সময় বাড়ানো যেতে পারে বলে তাঁরা মনে করেন।