রমজানজুড়ে চলবে বিএসটিআইয়ের অভিযান
খাদ্যের মান ঠিক রাখতে পবিত্র রমজান মাসজুড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলায় আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এ অভিযান চালাবে শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসটিআই সম্প্রতি বিভিন্ন ফলের ১০৪টি নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ৬৮টি নমুনা বিএসটিআইয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে। আর ৩৬টি নমুনা অভিযানকালে পরীক্ষা করা হয়েছে। নমুনাগুলোর মধ্যে খেজুরের ১১টি, আমের ৪৫টি, লিচুর ৬টি, মাল্টার ১৪টি, আপেলের ২১ ও আঙুরের ৭টি।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই যেসব নমুনা পরীক্ষা করেছে, তাতে ফরমালডিহাইডের উপস্থিতি পাওয়া যায়নি। তার মানে এই নয়, সব ফল নিরাপদ। পরীক্ষার আওতায় না আসা ফলগুলোতে ফরমালডিহাইড থাকতে পারে। এ জন্য অভিযান ও পরীক্ষা চলবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইফতার ও সাহরিতে ব্যবহৃত বিভিন্ন খাদ্যপণ্যের ১৮৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে কিছু নমুনার মান খারাপ পাওয়া গেছে। তাই ওই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে শিল্পমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বিএসটিআই ৭৯৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসব অভিযানে ১ হাজার ১৬৪টি মামলা দায়ের এবং তা নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৩৩ জনকে কারাদণ্ড এবং ৩৯টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।