রমজানে তিন হাজার ডিলারকে দিয়ে পণ্য বিক্রি করবে টিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রস্তুতি নিতে শুরু করেছে। এ জন্য রমজান সামনে রেখে সারা দেশে তিন হাজার ১২ জন ডিলারের মাধ্যমে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর কম দামে বিক্রি করবে টিসিবি।
টিসিবির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের সঙ্গে সভা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন। কারওয়ান বাজারে টিসিবির কার্যালয়ে গত বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং অবশিষ্ট ৫৭টি জেলায় দুটি করে মোট ১৭৪টি খোলা ট্রাকে এ পাঁচ ধরনের পণ্য বিক্রি করবে টিসিবি। রমজানের ১৫ দিন আগে, রমজানের প্রথম সপ্তাহে এবং রমজানের মাঝামাঝি সময়ে তিন কিস্তিতে ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।
তোফায়েল আহমেদ বলেন, বাজারে যেন পণ্যের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো বা বাজার অস্থিতিশীল করা না হয়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। সভায় বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার, অতিরিক্ত বাণিজ্যসচিব ও টিসিবির পরিচালনা পর্ষদের সদস্য অমিতাভ চক্রবর্তী, আরেক অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।