রমজানে তেল ও চিনির কোনো সংকট হবে না: বাণিজ্যসচিব
ভোজ্যতেল ও চিনির বর্তমান মজুদ ও সরবরাহ-পরিস্থিতি ভালো। আগামী রমজানে এ দুই পণ্যের কোনো সংকট হবে না।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।‘ভোজ্যতেল ও চিনির মূল্য, মজুদ, আমদানি পরিস্থিতি, পরিবেশক পদ্ধতির কার্যকারিতা ও আসন্ন রমজান উপলক্ষে সার্বিক বাজার পরিস্থিতি’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হলেও সব বিষয়ে অবশ্য কথা বলেননি সচিব।সচিব জানান, সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে চার লাখ টন চিনি মজুদ রয়েছে। আরও তিন লাখ টন চিনি আমদানির জন্য এলসি খোলা হয়েছে। সব মিলিয়ে চিনির মজুদ দাঁড়াচ্ছে প্রায় সাত লাখ টন।ভোজ্যতেল বিষয়ে গোলাম হোসেন জানান, মিলমালিকদের কাছে এক লাখ ৮২ হাজার টন মজুদ রয়েছে। এলসি খোলা হয়েছে আরও দুই লাখ ১১ হাজার টনের। সুতরাং সমস্যা হওয়ার কোনো কারণই তিনি দেখছেন না।রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানির জন্য এলসি খুলতে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।ভোজ্যতল ও চিনির বাজারমূল্য-পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যসচিব আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর, দেশীয় বাজারে ডলার ও ব্যাংকের সুদহার বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে।তবে চিনির মূল্য আন্তর্জাতিক বাজার ও পার্শ্ববর্তী যেকোনো দেশের তুলনায় কম উল্লেখ করে সচিব বলেন, ‘এটা কীভাবে সম্ভব, সেটা আমার বোধগম্য নয়।’এ দুই পণ্যে পরিবেশক পদ্ধতি কার্যকর নয়। আলোচ্যসূচিতে থাকলেও এ নিয়ে কোনো কথা হয়নি বৈঠকে। পরিবেশক পদ্ধতির কার্যকারিতা নিয়ে সচিবও সাংবাদিকদের কিছু জানাননি। সচিব জানান, সভায় চিনি ও ভোজ্যতেলের কোনো মূল্য নির্ধারণ করা হয়নি বৈঠকে। তবে অতিমূল্য বা অন্যায্য মূল্য নির্ধারণ না করার জন্য ব্যবসায়ীদের তিনি অনুরোধ করেছেন বলে সাংবাদিকদের জানান।বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ এবং জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ সিটি, এস আলম, টি কে, মেঘনা গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ডিম আমদানি বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ বাংলাদেশ ব্যাংককে এফবিসিসিআইয়ের চিঠি: আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য ভোক্তার নাগালে রাখতে নিত্যপণ্য আমদানিতে ব্যাংক সুদের হার ১২ শতাংশ নির্ধারণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে গতকাল চিঠি দিয়েছে এফবিসিসিআই।চিঠিতে বলা হয়, আগামী রমজান মাসে নিত্যপণ্যের মূল্য বেড়ে সাধারণের নাগালের বাইরে চলে যেতে পারে বলে এফবিসিসিআই আশঙ্কা করছে। বর্তমানে বিভিন্ন ব্যাংক পণ্য আমদানিতে ১৫-১৮ শতাংশ হারে সুদ আরোপ করছে। নিত্যপণ্য আমদানিকারদের পণ্য আমদানিতে উৎসাহিত করতে আমদানিতে সুদের হার কমিয়ে ১২ শতাংশ নির্ধারণ করা প্রয়োজন।গত ৯ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে অনুরোধ জানান সংগঠনটির সভাপতি এ কে আজাদ।