আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন না বাড়ে এবং সরবরাহ যেন স্বাভাবিক থাকে, সে জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল রোববার দ্রব্যমূল্য-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটির জরুরি সভায় এ নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত বাণিজ্যসচিব মনোজ কুমার রায় ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, শিল্প, খাদ্য, কৃষি, স্থানীয় সরকার বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং টিসিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়েছে, কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় নিত্যপণ্যের উৎপাদন, আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় চাল, গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম, খেজুরসহ নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য তদারক করছে। এসব পণ্যের দাম যেন না বাড়ে এবং সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে এরই মধ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আশা, এবার কোনো পণ্যের দাম বাড়বে না এবং সরবরাহও পর্যাপ্ত থাকবে।
সভায় উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন সাময়িক সমস্যার কথা তুলে ধরে রমজান মাসে কোনো ধরনের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন। তাঁরা জানান, পবিত্র রমজান সামনে রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ায় চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য মজুত আছে।