রমজানে পণ্যমূল্য বাড়বে না বলে ব্যবসায়ীদের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

প্রতিবছরের মতো এবারও রমজানে নিত্যপণ্যের দাম বর্তমানের তুলনায় আর বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। পণ্যগুলো হচ্ছে ভোজ্যতেল, খেজুর, চিনি, ডাল, ফল ও মসলা।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিভিন্ন পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ীরা এই আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকে বাণিজ্যসচিব মাহবুব আহমেদও ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার কথা জানান। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হেলালউদ্দিন। ব্যবসায়ীরা বলেন, পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকায় রমজানে পণ্যমূল্য বাড়ার কোনো কারণ নেই। তবে তাঁদের দাবি হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দেন সচিব। বাণিজ্যসচিব বলেন, ‘রমজানের বাজার পরিস্থিতি নিয়ে যতগুলো সভা করেছি, তার একটা চিত্রই পাওয়া গেছে যে পণ্যের ঘাটতি নেই। তাই পণ্যমূল্য বাড়ারও কোনো কারণ নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে কমতে পারে।’ পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে মহাপুলিশ পরিদর্শকের (আইজিপি) সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, মিলের মালিকেরা মজুতের যে হিসাব দিয়েছেন, তাতে চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে। পণ্যের রসিদ দেওয়া-নেওয়া নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, রসিদ ঠিক থাকলে এ বছর পানির দরে তেল আর লবণের দরে চিনি বিক্রি হবে। ঢাকা মহানগর কৃষিপণ্য আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বাবুল বলেন, আদা, রসুন, পেঁয়াজসহ সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। খেজুর ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় বেশি খেজুর আমদানি হয়েছে। দাম স্বাভাবিক থাকবে। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের কর্মকর্তা দবিরুল ইসলাম বলেন, ভোজ্যতেল কোম্পানিগুলোর হাতে পর্যাপ্ত মজুত রয়েছে। মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তাঁর ধারণা। এস আলম গ্রুপের মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহমেদ এবং মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক আসিফ ইকবালও পর্যাপ্ত পণ্য মজুত ও দাম না বাড়ার বিষয়ে প্রায় একই কথা জানান।