রমজানে পণ্যের সংকট হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের চাহিদার দেড় গুণ মজুত রয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানিয়ে আশ্বস্ত করেছেন, রমজানে বাজারে নিত্যপণ্যের কোনো সংকট হবে না। দামও বাড়বে না।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মিলনায়তনে আজ সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিত্যপণ্যের পাইকারি ও খুচরা মূল্যের বড় ধরনের পার্থক্যের বিষয়টি উঠে আসে। ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, ‘আমরা যেই দামে পণ্য বিক্রি করি, দেখা যায় খুচরা ব্যবসায়ীরা তার চেয়ে ২০ টাকা বেশি দামেও ওই পণ্য বিক্রি করে। এত পার্থক্য হয় কীভাবে? পাইকারি ও খুচরায় দামের পার্থক্য যদি কমানো না যায়, তাহলে ভোক্তারা এর সুফল পাবেন না।’ তিনি জানান, গতকাল রোববার মৌলভীবাজারে প্রতিকেজি চিনি ৩৩ টাকা ৮৫ পয়সা, পাম তেল ৫৬ টাকা ৬১ পয়সা, সুপার পাম ৫৯ টাকা ও সয়াবিন তেল ৬৮ টাকায় বিক্রি হয়েছে।
গোলাম মাওলার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী জানতে চান বৈঠকে খুচরা ব্যবসায়ীদের পক্ষে কে এসেছেন। তখন বক্তব্য দেন মোহাম্মদপুর টাউন হল মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব। তিনি বলেন, ‘৩৩ টাকায় পাইকারিতে চিনি বিক্রি হয় বলা হচ্ছে, সেই দামে তো আমরা পাই না। শবে বরাতের আগে আমরা চিনি বিক্রি করেছি ৩৮-৪০ টাকায়। এখন চিনির দাম বেড়ে গেছে। ছোলার দাম বাড়তির দিকে।’ তিনি জানান, অন্যান্য পণ্যের দাম খুচরা পর্যায়ে স্থিতিশীল আছে।

এই দুজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি ও খুচরায় পণ্যের দামের পার্থক্য অনেক বেশি। এটাকে সহনীয় রাখতে হবে। এ সময় তিনি আরও বলেন, রমজানে চিনির দাম যেন ৪০ টাকার ওপর না যায় সেদিকে লক্ষ রাখতে হবে।

বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, সামনে বৃষ্টিপাত শুরু হবে, বন্যা হতে পারে। সে কারণে তরিতরকারির দামে ওঠানামা করতে পারে। আবার রমজানের আগের দিন মানুষ একসঙ্গে প্রচুর পণ্য কেনে। এর কারণেও দাম বাড়তে পারে। তবে অস্বাভাবিকভাবে দাম বাড়ার কোনো সুযোগ নেই।