রমজানে বাজারদর তদারকিতে কমিটি গঠন করল কেসিসি
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ২২ সদস্যের একটি বাজার তদারক কমিটি গঠন করা হয়েছে।খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে গত রোববার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়। কেসিসির সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।আলোচনা সভায় বাজারগুলোতে সরকার-নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা টাঙিয়ে রাখা এবং পাইকারি ও খুচরা বাজারদরের মধ্যে পার্থক্য কম রাখতে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন কেসিসির প্যানেল মেয়র আজমল আহমেদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর হালিমা ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, সচিব এম ইদ্রিস সিদ্দিকী, স্থানীয় সরকার খুলনার পরিচালক আবদুল হান্নান বিশ্বাস, জেলা খাদ্যনিয়ন্ত্রক সুধাংশু হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল হাকিম, সহকারী পুলিশ কমিশনার টি এম মোশাররফ হোসেন, খুলনা ওয়াসার সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দার, স্থানীয় চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক ও পরিচালক সাইফুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা আবদুস সালাম তরফদার, বিএসটিআই খুলনার সহকারী পরিচালক লুৎফর রহমান, নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এম এ কাফী।