রমজানে বিএসটিআই সারা দেশে ভেজালবিরোধী অভিযান চালাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে খাদ্যপণ্যে ভেজাল রুখতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ও জেলা প্রশাসন ঢাকায় যৌথভাবে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এ ছাড়া, সারা দেশে বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে একই ধরনের অভিযান চলবে।‘রমজানে খাদ্যের মান অক্ষুণ্ন রাখা, ভেজালবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা এবং এ বিষয়ে বিএসটিআইয়ের কার্যক্রম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন।শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ।লিখিত বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, রমজান মাসে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে মুড়ি, ইফতারসামগ্রী, ভোজ্যতেল, ফলমূল, মাছ, মাংস প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীতে বিষাক্ত কেমিক্যাল বা রাসায়নিকের মিশ্রণ ঠেকাতে বিশেষ নজর দেওয়া হবে। এ ছাড়া র‌্যাব ও ডিএমপির উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নিয়মিতভাবে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসারদের অংশগ্রহণ থাকবে।শিল্পমন্ত্রী আরও বলেন, কোনো ব্যবসায়ীই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করতে পারেন না। যাঁরা ভেজাল পণ্য বিক্রি করেন, তাঁরা সোজা কথায় অপরাধী। তাঁরা সমাজ ও দেশের শত্রু।সব ব্যবসায়ীকে সেবার মনোভাব নিয়ে মুনাফা করার আহ্বান জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, ‘বিএসটিআইয়ের কার্যক্রমের পাশাপাশি আমরা ভেজালবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতাদের বিরুদ্ধে ভোক্তাসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’দিলীপ বড়ুয়া গত এক বছরে বিএসটিআইয়ের ভেজালবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত বিএসটিআই মোট এক হাজার ৩০৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসব আদালত এক হাজার ৫৫৭টি মামলা করেছে, যার মধ্যে ১৫টি ছাড়া বাকি সবগুলোরই নিষ্পত্তি হয়েছে।শিল্পমন্ত্রী আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত সাড়ে তিন কোটি টাকা জরিমানা আদায় করেছেন। এ ছাড়া, দোষী ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দিলীপ বড়ুয়া বলেন, ব্যাপকভাবে অভিযান পরিচালনার জন্য বিএসটিআইয়ের মাঠপর্যায়ে জনবলের স্বল্পতা রয়েছে। রাজউক, ওয়াসা ও পরিবেশ মন্ত্রণালয়ের মতো বিএসটিআইয়ে স্থায়ী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা গেলে এ ক্ষেত্রে আরও সাফল্য পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ বলেন, রমজানে ভেজালবিরোধী অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসক চারজন ম্যাজিস্ট্রেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ম্যাজিস্ট্রেট বেশি পেলে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা আরও বাড়ানো যেত বলে মন্তব্য করেন তিনি।