বাজারে বেশির ভাগ মাছের দামই চড়া। কাঁচাবাজারগুলোতে সরবরাহ কিছুটা বাড়লেও দামে তেমন একটা প্রভাব পড়েনি। রমজানে যদিও মাছের চাহিদা কিছুটা কম থাকে, তার পরও অনেক ক্ষেত্রেই ক্রেতাদের হতাশ হতে হচ্ছে। সার্বিকভাবে বাজারে যে মাছের সরবরাহ কম তার একটি বড় কারণ এ দেশ থেকে বিভিন্ন ধরনের মাছ বিদেশে রপ্তানি হয়ে যাচ্ছে। তাই কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ মাছ।পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকিতে গঠিত বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সেল বাজার পর্যবেক্ষণ করে এমন চিত্রই দেখেছে। আর তাই, বাজারে মাছের সরবরাহ বাড়ানো এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জরুরিভিত্তিতে রমজান মাসের বাকি দিনগুলোর জন্য সব ধরনের কাঁচা মাছ (জনসাধারণের আহার্য প্রচলিত মাছ) রপ্তানি বন্ধ রাখার ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এফবিসিসিআই। গতকাল রোববার দুপুরে বাণিজ্যসচিবের কাছে ওই চিঠি পাঠানো হয়।এর আগে গত ৩ জুলাই সবজি-জাতীয় কয়েকটি পণ্যের রপ্তানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল এফবিসিসিআই। এরই পরিপ্রেক্ষিতে ৯ জুলাই কাঁচা মরিচ, বেগুন, রসুন ও পেঁয়াজের রপ্তানি ৩১ আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর-১ এবং নিউমার্কেট কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক থেকে দুই কেজি ওজনের প্রতিটি দেশি রুই মাছ ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা রুই (দেড় থেকে তিন কেজি ওজনের) বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৮০ টাকায়।এক থেকে দুই কেজি ওজনের দেশি কাতল মাছ বিক্রি হচ্ছে প্রতিটি ১৮০ থেকে ৩০০ টাকায়। আমদানি করা কাতলের দাম প্রতিটি ১৭০ থেকে ২৮০ টাকা। এক থেকে দুই কেজি ওজনের প্রতিটি পাঙাশের দাম ১১০ থেকে ১৪০ টাকা। তেলাপিয়ার কেজি ১২০ থেকে ১৫০ টাকা। কই মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি।তবে ইলিশের দাম যেন দিন দিন বাড়ছেই। মাঝারি আকারের প্রতিটি ইলিশ (৫০০ থেকে ৭০০ গ্রাম) বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৯০০ টাকায়। ফলে সাধারণ মানুষ ইলিশ খাওয়া অনেকটাই ছেড়ে দিয়েছে।কারওয়ান বাজারের পাইকারি বাজারে গতকাল খোঁজ নিয়ে দেখা গেছে, এক থেকে দুই কেজি ওজনের দেশি রুই ১৭০ থেকে ২৪০ টাকা, আমদানি করা রুই ১৫০ থেকে ২২০ টাকা, দেশি কাতল ১৬৫ থেকে ২৪০, পাঙাশ ৯০ থেকে ১২৫, তেলাপিয়া ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। আর মাঝারি আকারের ইলিশ বিক্রি হয় ৬৫০ থেকে ৮০০ টাকায়।বাণিজ্যসচিবকে পাঠানো এফবিসিসিআইয়ের চিঠিতে বলা হয়, সবজির রপ্তানি বন্ধে বাণিজ্য মন্ত্রনালয়ের দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে ওই পণ্যগুলোর দাম বর্তমানে সহনীয় ও মানুষের হাতের মুঠোয় রয়েছে।এফবিসিসিআইয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাছ রপ্তানি বন্ধের বিষয়ে মন্ত্রণালয় যদি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে সরবরাহ বাড়বে এবং মানুষ বর্তমান দামের চেয়ে কিছুটা কম দামে মাছ খেতে পারবে।