রমজানে লবণের দাম কমছে
আসন্ন রমজান মাস উপলক্ষে বিভিন্ন ধরনের লবণের দাম কেজিপ্রতি তিন থেকে আট টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল সল্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।সংগঠনটির ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি সাধারণ লবণের সর্বোচ্চ খুচরা মূল্য ১০ থেকে ১৮ টাকা, মেকানিক্যাল লবণ ২৫ টাকা এবং ভ্যাকুয়াম লবণের দাম হবে ২৭ টাকা। আগে সাধারণ লবণের দাম ছিল ১৮ থেকে ২০ টাকা, মেকানিক্যাল লবণ ২৮ থেকে ৩২ টাকা এবং ভ্যাকুয়াম লবণ ৩৩ থেকে ৩৫ টাকা।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি পরিতোষ কান্তি সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন, মোল্লা সল্টের ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছরে কুয়াশা ও বৃষ্টিপাতের কারণে লবণের উৎপাদন গত বছরের চেয়ে কম হয়েছে। এ কারণে লবণের সাময়িক সংকট দেখা দেয়। দাম বেড়ে যায়।