রমজানের আগেই তিন পণ্যের মজুদ বাড়াতে চায় টিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রমজান মসে ভোজ্যতেল, চিনি ও ডালের মূল্য সহনশীল পর্যায়ে রাখার উদ্দেশ্যে তিনটি পণ্যের পর্যাপ্ত মজুদের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ২৫০ কোটি টাকা চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ১৫ জুন রাষ্ট্রীয় নিশ্চয়তাপত্র বা লোন অন ট্রাস্ট রিসিট (এলটিআর) হিসেবে এই টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। এলটিআর হলো পণ্য ক্রয় বা আমদানি করার ক্ষেত্রে বিক্রেতা বা রপ্তানিকারককে দেওয়া এমন একটি নিশ্চয়তাপত্র, যাতে প্রকৃত ক্রেতা পাওনা পরিশোধে ব্যর্থ হলে সরকারের মনোনীত ব্যাংক তা মিটিয়ে দিতে বাধ্য থাকে।চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ আগস্ট রমজান মাস শুরু। ওই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনশীল পর্যায়ে থাকা দরকার। রমজান শুরুর দুই মাস সময় হাতে না থাকলেও অর্থের অভাবে টিসিবি কিছুই করতে পারছে না। আমদানি বা স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করতে এই তিন পণ্যের জন্য ৪৩৮ কোটি টাকা লাগবে টিসিবির। তবে আপাতত ২৫০ কোটি ৬৮ লাখ টাকা হলেই চলবে।টিসিবির তহবিলে মাত্র ৪৫ কোটি টাকা থাকার কথা উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা অনেক সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। সেই কাজ এবার যাতে তারা না করতে পারে, সে জন্য বাজারে হস্তক্ষেপ বা আপৎকালীন মজুদ গড়ে তোলা দরকার। ওই কারণেই জরুরি ভিত্তিতে টাকাটা দরকার।২৪ হাজার ৭৫০ টন সয়াবিন তেল সংগ্রহে সম্ভাব্য ১৮৭ কোটি ৪২ লাখ টাকা, ১৫ হাজার টন পাম তেলের জন্য ১২২ কোটি ৪১ লাখ টাকা, ২৫ হাজার টন চিনির জন্য ৯৩ কোটি তিন লাখ টাকা এবং সাত হাজার ১০০ টন ডালের জন্য ৩৫ কোটি ২৪ লাখ টাকার দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে গত ৮ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় টিসিবি কর্তৃক পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় এলটিআর বৃদ্ধি করতে হবে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।জানা গেছে, টিসিবির দেড় হাজারেরও বেশি ডিলারের মাধ্যমে ভোক্তাদের কাছে এসব পণ্য বিক্রি করা হবে।গত বৃহস্পতিবার পর্যন্ত এলটিআর অনুমোদনের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলেই রমজানের আগে পণ্যের মজুদ বাড়ানো সম্ভব হবে, অন্যথায় নয়।যোগাযোগ করলে টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে টিসিবির ব্যাপক প্রস্তুতি রয়েছে। এলটিআর পাওয়া গেলে কাজটি আরও সহজ হবে।এ ছাড়া ভোক্তারা বছরব্যাপী ন্যায্যমূল্যে টিসিবির বাজারজাত করা পণ্য যাতে কিনতে পারে, সে জন্য এক হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থসচিবের কাছে ভিন্ন একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানান টিসিবির চেয়ারম্যান।