রহনপুর রেলওয়ে এলসি স্টেশনকে স্থলবন্দরে উন্নীত করার দাবি
রহনপুর রেলওয়ে এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত করার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সম্প্রদায়।ব্যবসায়ীদের মতে, সম্ভাবনাময় এই এলসি স্টেশনকে রেলওয়েকেন্দ্রিক একটি পূর্ণাঙ্গ স্থলবন্দরে পরিণত করা হলে তাতে এর বিপরীতে ভারতের সিঙ্গাবাদ রেলবন্দর হয়ে পণ্য আমদানি অনেক সহজ হবে। প্রতিবেশী দেশ ভারত থেকে পণ্য আমদানি করার লক্ষ্যে ১৯৯০ সালে এখানে একটি রেলওয়ে এলসি স্টেশন (ল্যান্ড কাস্টমস) চালু করা হয়। রহনপুরের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট মনিরুল ইসলাম বলেন, এই এলসি স্টেশনকে স্থলবন্দরে উন্নীত করা হলে ট্রাকের পরিবর্তে পণ্য রেলওয়ের মাধ্যমে পরিবহনের ব্যবস্থা থাকবে। এতে আমদানি করা পণ্যের খরচ প্রায় তিন ভাগের এক ভাগের মতো কমবে। ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, এখানে পূর্ণাঙ্গ স্থলবন্দর চালু হলে ইমিগ্রেশনও চালু হবে। এতে রেলপথেই ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে যাতায়াত করা যাবে।জানা গেছে, রহনপুরকে রেলওয়ে স্থলবন্দরে উন্নীত করার জন্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বারসহ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে দাবি জানিয়ে আসছেন। এতে সাবেক ও বর্তমান সাংসদ এবং প্রশাসন আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো কাজই হয়নি। ‘রহনপুর উন্নয়ন আন্দোলন কমিটি’র সভাপতি আশরাফুল ইসলাম জানান, রহনপুরকে পূর্ণাঙ্গ রেলওয়েকেন্দ্রিক স্থলবন্দরে উন্নীত করার দাবিতে ভবিষ্যতে আরও কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ জানান, যোগাযোগ করা হলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ইয়ার্ড নির্মাণে আট কোটি টাকা ও অবকাঠামো উন্নয়নসহ আনুষঙ্গিক কাজে আনুমানিক ৩০ কোটি টাকা খরচ করলে রহনপুরে রেলওয়ে স্থলবন্দর চালু করা সম্ভব।সহকারী রাজস্ব কর্মকর্তা মুশফিকুর রহমান চৌধুরী জানান, এই এলসি স্টেশনের রাজস্ব আয় ব্যাপকভাবে কমেছে। ২০১০-১১ অর্থবছরে এই এলসি স্টেশনে যেখানে তিন কোটি ৩২ লাখ ৫৪ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে, সেখানে চলতি বছরের ১০ মাসে আয় হয়েছে মাত্র ৯৮ লাখ ৮৩ হাজার টাকা।