রহমান রহমান হকের ৫০ বছর পূর্তি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদপ্রাপ্ত হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান (সিএ ফার্ম) রহমান রহমান হকের ৫০ বছর পূর্তি হলো। এই উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে এক প্রীতি সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী, ব্যাংকার, এনজিও ব্যক্তিত্বসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। ১৯৬২ সালে হিসাববিদ রেজাউর রহমান, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও তৎকালীন পাকিস্তানের হিসাববিদ তাসফিন আই হক এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিশ্বখ্যাত সুইজারল্যান্ডের হিসাব প্রতিষ্ঠান কেপিএমজির সদস্য হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, কেপিএমজির আঞ্চলিক পরিচালক অ্যালেন বাকেল ও রহমান রহমান হকের জ্যেষ্ঠ অংশীদার আদিব এইচ খান। অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ বলেন, সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাবে বিনিয়োগ বাধাগস্ত হচ্ছে। এ জন্য পেশাদারি হিসাব প্রতিষ্ঠান দরকার। অনুষ্ঠানে রহমান রহমান হকের প্রতিষ্ঠাতাদের মধ্যে তাসফিন আই হক উপস্থিত ছিলেন। এ ছাড়া কেপিএমজির পাকিস্তানের প্রতিনিধি মাসুদ খান ও হোসেন বজরাই উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৬২ সালের প্রতিষ্ঠার পর ১৯৮৮ সাল থেকে বিশ্বখ্যাত হিসাব প্রতিষ্ঠান কেপিএমজির বাংলাদেশের প্রতিনিধিত্ব পায় রহমান রহমান হক। পরে প্রতিষ্ঠানটি কেপিএমজির সদস্য প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে বাংলালিংক, রবি, এবি ব্যাংক, সোস্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি), হোলসিম, জি ফোর এসের মতো প্রতিষ্ঠান রহমান রহমান হকের গ্রাহক।