রহিমা ফুডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল বুধবার ডিএসইর ওয়েবসাইটে কমিটি গঠনের এই ঘোষণা প্রকাশ করা হয়।
এদিকে মাত্র ১২ কার্যদিবসের ব্যবধানে বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৪৬ টাকা বেড়েছে। গত ২৪ নভেম্বর ডিএসইতে রহিমা ফুডের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৮ টাকা ৭০ পয়সা। আর ১০ ডিসেম্বর তা বেড়ে হয় প্রায় ৮৫ টাকা। এই অবস্থায় ডিএসই কোম্পানিটির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া কয়েক দিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে বিচ হ্যাচারির শেয়ারের। গত ৫ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ২২ টাকা। আর মাত্র চার কার্যদিবসের ব্যবধানে গতকাল সেটি বেড়ে হয়েছে প্রায় ৩০ টাকা। সেই হিসেবে প্রতি কার্যদিবসে গড়ে দুই টাকা করে এটির দাম বেড়েছে।
এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি দেয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধি পাওয়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বিচ হ্যাচারির প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পাটিরি শেয়ারপ্রতি আয় বা ইপিএস মাত্র সাত পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৯ পয়সা।
আর্থিক এই অবস্থার মধ্যে কোম্পানিটির শেয়ারের দামের এমন উত্থানকে অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য বলে মত দিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘কোম্পানিতে বড় ধরনের কোনো পরিবর্তনের ঘোষণা ছাড়া এ রকম অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। এই ধরনের অস্বাভাবিকতা বাজারের জন্যও ক্ষতিকর। বারবার চেষ্টার পরও এ অবস্থা থেকে আমরা বেরুতে পারছি না। এই ধরনের শেয়ারে বিনিয়োগের আগে অবশ্যই সবার সতর্ক থাকা উচিত।’
এ ছাড়া অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার অনুমোদনের পর গতকাল তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্টের শেয়ারের দাম কমেছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এক টাকা কমে দাঁড়িয়েছে ৮৮ টাকা ১০ পয়সায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত মঙ্গলবার আরামিট সিমেন্টের বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক শেয়ার ছাড়ার অনুমোদন দেয়।