রাইট অনুমোদনের পর নতুন শর্ত দিল এসইসি
রাইট শেয়ার ইস্যু করতে না দেওয়ার নির্দেশনা দেওয়ার পর সম্প্রতি এসইসি নিজেই সেই নির্দেশনা ভঙ্গ করে দুটি কোম্পানির রাইট শেয়ার অনুমোদন করেছে। কোম্পানি দুটি হলো, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন) ও তাল্লু স্পিনিং মিলস।নিজের আইন নিজে লঙ্ঘন করার ঘটনা নিয়ে যখন বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমালোচনা হচ্ছে, ঠিক তখনই অনুমোদিত দুই কোম্পানির রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে নতুন করে শর্ত জুড়ে দিয়েছে এসইসি। গতকাল বৃহস্পতিবার নতুন শর্ত জুড়ে দিয়ে আবারও নির্দেশনা জারি করা হয়েছে। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এসইসি জানিয়েছে, ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত নির্দেশনা পরিপালনের পরই কোম্পানি দুটি রাইট শেয়ারের রেকর্ড তারিখ ঘোষণা ও অর্থ সংগ্রহের কার্যক্রম শুরু করতে পারবে। উল্লেখ্য, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা ন্যূনতম শেয়ার ধারণের নির্দেশনা পরিপালন না করলে রাইট শেয়ার ইস্যুর সুযোগ দেওয়া হবে না, গত বছরের ২২ নভেম্বর এমন নির্দেশনা জারি করেছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সে সঙ্গে ন্যূনতম শেয়ার ধারণের জন্য কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ছয় মাস সময়ও বেঁধে দেয় এসইসি। আগামী ২২ মে মাসে বেঁধে দেওয়া এই সময়সীমা শেষ হবে।এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ এপ্রিল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন) ও তাল্লু স্পিনিং মিলসকে কমিশন রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমতি প্রদান করে। বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় কোম্পনি দুটির ক্ষেত্রে সব পরিচালককে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণসংক্রান্ত কমিশনের নির্দেশনা (২২ নভেম্বর, ২০১১) এবং প্রত্যেক পরি-চালককে পৃথকভাবে দুই শতাংশ শেয়ার ধারণসংক্রান্ত কমিশনের নির্দেশনা (৭ ডিসেম্বর, ২০১১) পরিপালন করতে হবে। অন্যথায় তারা রাইট শেয়ারের জন্য রেকর্ড ডে এবং চাঁদা গ্রহণের তারিখ ঘোষণা করতে পারবে না।’এদিকে, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে গতকাল বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পক্ষে সংস্থাটির সভাপতি রকিবুর রহমান এবং এবিবির পক্ষে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতায় এবিবি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়। এর আগে স্থিতিশীল বাজারের প্রয়োজনে ডিএসইর পক্ষ থেকে ব্যাংকারদের সহযোগিতা চাওয়া হয়।