রাইট ইস্যু নীতিমালা সংশোধনীর চূড়ান্ত অনুমোদন
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রাইট ইস্যু নীতিমালা ২০০৬-এর সংশোধনীর চূড়ান্ত অনুমোদন করেছে এসইসি।আজ মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।সাইফুর রহমান বলেন, এর আগে সংশোধনী এনে প্রস্তাবিত এই বিধিমালাটি জনমত জরিপের জন্য পত্রিকায় প্রকাশ করা হয়। কিছু পরিবর্তন সাপেক্ষে সেই নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, নীতিমালায় কয়েকটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে।এখন থেকে কোনো কোম্পানি প্রিমিয়ামসহ রাইট ইস্যু করতে হলে সেই কোম্পানির বিগত তিন বছরের মুনাফার রেকর্ড থাকতে হবে। এ ছাড়া প্রিমিয়াম নিতে হলে এই প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং তথ্য অবশ্যই থাকতে হবে।রাইট অফারের তথ্য এসইসি ও দুই স্টক এক্সচেঞ্জের পাশাপাশি কোম্পানি ও ইস্যু ব্যবস্থাপকের ওয়েবসাইটে থাকতে হবে। এসইসির অনুমোদনের তিন কর্মদিবসের মধ্যে এই ঘোষণা ওয়েবসাইটে দিতে হবে এবং সাবস্ত্রিপশন শেষ না হওয়া পর্যন্ত এটি ওয়েবসাইটে রাখতে হবে।আন্ডাররাইটিং প্রতিষ্ঠানগুলোকে আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্টেটমেন্ট এসইসিতে জমা দিতে হবে।সাইফুর রহমান বলেন, ‘কোম্পানির রাইট অফার সংশ্লিষ্ট আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ওই কোম্পানির আর্টিকেল অব মেমোরেন্ডাম, রিটার্ন অব এলোটমেন্ট, পার্টিকুলারস অব ডাইরেক্টরস ইত্যাদি তথ্য এসইসিতে জমা দিতে হবে। একই সঙ্গে সামারাইজড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালান্স শিট ও গত পাঁচ বছরের ডিভিডেন্ট ঘোষণা ও প্রদানের বিবরণী জমা দিতে হবে।